তবে কি কংগ্রেস রিপাবলিকানদের দখলেই যাচ্ছে? এখন পর্যন্ত দুই কক্ষেই এগিয়ে আছে দলটি। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, সিনেটে রিপাবলিকান পার্টি ৪৯ আসন পেয়ে এগিয়ে আছে। ডেমোক্রেট পার্টি পেয়েছে ৪৮ আসন। মার্কিন এই উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেতে দরকার ৫০টি আসন।
অন্যদিকে রিপাবলিকান দলের প্রার্থীরা প্রতিনিধি পরিষদ বা হাউজ অব রিপ্রেজেন্টেটিভের যে নিয়ন্ত্রণ নিচ্ছে তা প্রায় অনেকটাই নিশ্চিত। সবশেষ যে ফলাফলের পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে প্রতিনিধি পরিষদে ২০৭টি আসন নিয়ে এগিয়ে আছে রিপাবলিকান পার্টি। ডেমোক্র্যাটরা পেয়েছে ১৮৮টি।
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন হবে ২১৮টি আসন। প্রতিনিধি পরিষদে নিয়ন্ত্রণ হারানোর অর্থ মেয়াদের বাকী সময়টাতে প্রেসিডেন্ট জো বাইডেনকে তার সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতে বিস্তর বেগ পেতে হবে।
তবে সিনেটের চূড়ান্ত ফলাফল নির্ভর করছে কয়েকটি অঙ্গরাজ্যের ওপর যার পূর্বাভাস এখনো পাওয়া যায়নি।