দরজায় কড়া নাড়ছে কাতার বিশ্বকাপ। আর মাত্র ১০ দিন বাকি দ্য গ্রেটেস্ট শো অন আর্থের আসর বসতে। ৩২টি দেশের অংশগ্রহণে ইতিহাসের সবচেয়ে স্মরণীয় বিশ্বকাপ উপহার দিতে চায় আয়োজক দেশ কাতার। অংশগ্রহণকারী দেশগুলোর সামনেও এখন একটাই লক্ষ্য, বিশ্বকাপের শিরোপা জয়।
বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় এই ক্রীড়াযজ্ঞে ফুটবল অন্তঃপ্রাণ সমর্থকদের সামনেও সুযোগ আসে নিজের প্রিয় দল ও প্রিয় খেলোয়াড়দের নিজ নিজ দেশের হয়ে শতভাগ দেওয়ার চেষ্টাটা পরখ করে দেখার।
ক্লাব ফুটবলে যেখানে অনেক তারকাই একে অন্যের প্রতিপক্ষ এখানে আবার তারাই একে অন্যের সতীর্থ, আর আসরটা যেহেতু বিশ্বকাপ, উত্তেজনার পারদটাও একটু বেশী।
বিশ্বকাপে যে দলগুলো খেলতে আসে তারা সবাই বিশ্বসেরা বা তার কাছাকাছি পর্যায়ের, এটাই স্বাভাবিক। বাছাইপর্বের কঠিন বাঁধা পেরিয়ে সবাই মূল আসরে আসতে পারে না। গত দুইবার বিশ্ব কাপ থেকে ছিটকে পড়া বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ইতালি এর জ্বলজ্বলে উদাহরণ।
কিছু কিছু দল এমন কিছু খেলোয়াড়কে জাতীয় দলে পায় যাদেরকে পেতে ক্লাবগুলো প্রতিযোগিতায় নামে। এবারের বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল ৭ দল কোনটি তা যাচাইয়ের জন্য খেলোয়াড়দের ট্রান্সফার মার্কেট মূল্য যাচাই করা হয়েছে।
সেই বিবেচনায় সবচেয়ে ব্যয়বহুল দল হলো ইংল্যান্ড। যদিও ইংল্যান্ড এখনও তাদের দল ঘোষণা করেনি। কিন্তু সম্ভাব্য দলটিতে তিনজন খেলোয়াড় রয়েছেন যাদের ট্রান্সফার মূল্য ৮০ মিলিয়ণ কিংবা তার উপরে। তারা হলেন হ্যারি কেন, ফিল ফোডেন ও জেডন সানচো।
পুরো ইংল্যান্ড দলের মূল্য ১.৩৫ বিলিয়ন ইউরো।
বিশ্বকাপে অংশ নেওয়া ব্যয়বহুল ৭ দলের তালিকা :
| দল | মূল্যমান (ইউরো) |
| ১.ইংল্যান্ড | ১.৩৫ বিলিয়ন |
| ২. ফ্রান্স | ১.১৩৮৫ বিলিয়ন |
| ৩. ব্রাজিল | ১.০৬৪ বিলিয়ন |
| ৪. স্পেন | ১.০৩১ বিলিয়ন |
| ৫. জার্মানী | ১.০২০৫ বিলিয়ন |
| ৬. পর্তুগাল | ৯৩৮.৫ মিলিয়ন |
| ৭. আর্জেন্টিনা | ৭৬৪.৫ মিলিয়ন |
সূত্র: বাসস