খেলা হবে ভোট চুরির বিরুদ্ধে: কাদের

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, খেলা হবে ভোট চুরির বিরুদ্ধে।

শুক্রবার (১১ নভেম্বর) বিকেলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে তিনি একথা বলেন।

বিএনপি আবারও ক্ষমতায় এলে দলটির নেতাকর্মীরা বিদেশি ঋণ, গণতন্ত্র এমনকি সুযোগ পেলে বাংলাদেশকেও গিলে খাবে বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের।

312221329_496345909089526_1326120417237253091_n

বক্তব্যের শুরুতেই তিনি যুবলীগকে সুবর্ণজয়ন্তীর শুভেচ্ছা জানান। এরপর তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসাকে স্মরণ করেন।

পরে ওবায়দুল কাদের বলেন, খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, দুশাসনের বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে খেলা হবে।

তিনি আরও বলেন, ফখরুল বলেছেন আমরা ঋণ নিয়েছি ঘি খাওয়ার জন্য। বিএনপি ঋণ নিয়েছিল ঘি খাওয়ার জন্য। আজও আমাদের ঋণ পরিশোধ করতে পারি। আইএমএফ জানে শেখ হাসিনা সময়মতো ঋণ পরিশোধ করতে পারে। তাই তারা ঋণ দিয়েছে।

যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে দলটির নেতাকর্মীদের সাধুবাদ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, যুবলীগ কথা রেখেছে। যুবলীগের সম্মেলন জনসমুদ্রে রূপ নিয়েছে। যুবলীগের ৫০ বছর উপলক্ষে সংগঠনটিকে ৫০ বার অভিনন্দন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করলেও শেখ মণি নেতৃত্ব দিতে পারে, সেই আশঙ্কা থেকে তাকেও হত্যা করা হয়।

315370602_521024526554015_3188814069234282767_n

শুক্রবার দুপুর ২টা ৩৬ মিনিটে যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত যুব মহাসমাবেশে উপস্থিত হন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার উপস্থিতির আনন্দে স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে সোহরাওয়ার্দীর সমাবেশস্থল।

এরপর আনুষ্ঠানিকভাবে শুরু হয় ওই সমাবেশ। প্রথমে হয় সাংস্কৃতির অনুষ্ঠান। এতে যুব মহাসমাবেশের মঞ্চ কাপিয়েছেন শিল্পী মমতাজ এমপি। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই যুবলীগের প্রতিষ্ঠা থেকে বর্তমানের ক্রমধারা বর্ণনা ও তার সঙ্গে নৃত্যানুষ্ঠান ছিল অসাধারণ।

এশিয়ার বৃহৎ এ যুব সংগঠনের উৎসবমুখর এই আয়োজনে সারাদেশ থেকে লাখ লাখ যুবক মিলিত হয়েছেন। যোগ দিয়েছেন হালের সেরা চিত্রনায়কদের অন্যতম রিয়াজ, ফেরদৌস ও চঞ্চল চৌধুরী।

ছবি: ইত্তেফাক

১১ নভেম্বর আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবর্ষিকী। ১৯৭২ সালের এই দিনে দেশের প্রথম ও সর্ববৃহৎ এ যুব সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রথিতযশা সাংবাদিক শেখ ফজলুল হক মনি এ সংগঠনটি প্রতিষ্ঠা করেন। বঙ্গবন্ধুর আদর্শের অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। গত প্রায় পাঁচ দশক ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ আজ দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে।