যুবলীগের সমাবেশ মাতালেন মমতাজ

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গান গেয়ে যুবলীগের মহাসমাবেশ মাতালেন সংসদ সদস্য মমতাজ বেগম। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই যুবলীগের প্রতিষ্ঠা থেকে বর্তমানের ক্রমধারা বর্ণনা ও তার সঙ্গে নৃত্যানুষ্ঠান ছিলো অসাধারণ।

এশিয়ার বৃহৎ এ যুব সংগঠনের উৎসবমুখর এই আয়োজনে সারাদেশ থেকে লাখ লাখ যুবক মিলিত হয়েছেন। যোগ দিয়েছেন হালের সেরা চিত্রনায়কদের অন্যতম রিয়াজ, ফেরদৌস ও চঞ্চল চৌধুরী।

শুক্রবার (১১ নভেম্বর) দুপুরে যুবলীগের মহাসমাবেশ শুরু হয়। কিছু সময় আওয়ামী লীগ নেতারা বক্তব্য দেওয়ার পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

momotaz-7

এ পর্বে মঞ্চ কাঁপিয়েছেন কণ্ঠশিল্পী মমতাজ। মুজিব শতবর্ষের থিম সং ‘তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর, আকাশে বাতাসে বজ্রকণ্ঠ, তোমার কণ্ঠস্বর...’ গানে মেতে ওঠে যুব মহাসমাবেশে নেতাকর্মী ও যুবকরা। উচ্ছ্বসিত দেখা যায় মঞ্চে বসা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও। এরপর মমতাজ গেয়ে ওঠেন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে ‘তুমি ফিরে এসেছিলে...’।

momotaz-1

শুক্রবার দুপুর ২টা ৩৬ মিনিটে যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত যুব মহাসমাবেশে উপস্থিত হন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার উপস্থিতির আনন্দে স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে সোহরাওয়ার্দীর সমাবেশস্থল।

momotaz-5

১১ নভেম্বর আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবর্ষিকী। ১৯৭২ সালের এই দিনে দেশের প্রথম ও সর্ববৃহৎ এ যুব সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রথিতযশা সাংবাদিক শেখ ফজলুল হক মনি এ সংগঠনটি প্রতিষ্ঠা করেন। বঙ্গবন্ধুর আদর্শের অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। গত প্রায় পাঁচ দশক ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ আজ দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে।