ইত্তেফাকে সংবাদ প্রকাশের পর হালদা নদীর উৎসস্থলে সাইনবোর্ড স্থাপন 

ইত্তেফাকে খবর প্রকাশের পর পরিচিতি সাইনবোর্ড স্থাপন করা হল বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষিত প্রাকৃতিক  মৎস্য প্রজনন ক্ষেত্র ঐতিহ্যবাহী হালদা নদীর উৎপত্তিস্থলে। সম্প্রতি হালদা রক্ষা কমিটির প্রতিনিধিদল সরেজমিনে পরিদর্শন করে সাইনবোর্ডটি স্থাপন করেন।

পরিদর্শন শেষে প্রতিনিধিদলের প্রধান  চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের প্রাণি বিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা রিভার রির্সাচ ল্যাবরেটরির কো-অর্ডিনেটর ড. মনজুরুল কিবরিয়া  বলেন, মৎস্য হেরিটেজ ঘোষণার প্রায় দুই বছরেও নদীর উৎপত্তিস্থল হতে প্রায় ৩০ কিলোমিটার অংশের সুরক্ষা বা উন্নয়নের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। 

তিনি জানান, বন-জঙ্গল-লতা গুল্ম উজাড় করায় পাহাড় টিলাগুলো বর্ষায় বৃষ্টির পানি ধারণের ক্ষমতা হারাচ্ছে। পাহাড়ের পদদেশ থেকে নেমে আসা পানি প্রবাহের সরু নালা বা ছড়া কেটে জমিতে রূপান্তরিত করে ধান চাষ করা হচ্ছে। ছোট বড় অংশ বাধ তৈরি করায়  স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। মানিকছড়ি এলাকায় হালদা নদীর তীরে তামাক চাষ হচ্ছে। এতে পানি দুষণের আশঙ্কা দেখা দিয়েছে।  

তিনি বলেন, উৎসস্থল রক্ষার পদক্ষেপ না নিলে হালদা বাচাঁনো যাবে না। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনকে কার্যকরী ব্যবস্থা নিতে হবে। তিনি হালদার উৎসস্থলে যাওয়ার রাস্তার উন্নয়নেরও দাবি জানান। 

এদিকে, মুজিববর্ষ উপলক্ষে ২০২০ সালে ২১ ডিসেম্বর মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় হালদা নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করে। গত ২৩ অক্টোবর ইত্তেফাক-এ ‘হালদা নদীর উৎসস্থল সুরক্ষার উদ্যোগ নেই’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।