গাজীপুরের কাপাসিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রবাসীকে ছুরিকাঘাতে খুন করার অভিযোগ উঠেছে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। নিহত মোবারক হোসেন (৪০) ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে।
শনিবার (১২ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার সিংহশ্রী ইউনিয়নের বড়বাড়ী গ্রামের টেকপাড়ায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত হাদিউল একই গ্রামের আব্দুল লতিফ ওরফে লুতুর ছেলে।
এ সময় আহত হয়েছেন মোবারক হোসেনের ভাই আলম ও বোন খালেদা। অপরদিকে, হাদিউল ইসলাম ও তার ভাই রফিকুল ইসলামও আহত হন।
নিহতের স্বজনরা জানান, নুরুল ইসলামের সাথে তারই চাচাত ভাই লুতফুর রহমানের দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল। মোবারক গত ১০ দিন আগে সৌদি আরব থেকে ছুটিতে দেশে ফেরেন। সকালে বাড়ির পাশে ক্ষেতের আইলে গাছের চারা রোপণ করা নিয়ে প্রতিবেশী আব্দুল লতিফের ছেলে হাদিউল ও রফিকুলের সাথে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে হঠাৎ মোবারকের বুকে ও হাতে ছুরিকাঘাত করেন হাদিউল। পরে স্বজনরা টের পেয়ে রক্তাক্ত অবস্থায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম নাসিম সাংবাদিকদের বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।