‘মেইড ইন বাংলাদেশ উইক ২০২২’ পুরস্কার পেলো ‘স্নোটেক্স গ্রুপ’

বিশ্বে বাণিজ্য প্রসারে বাংলাদেশ পোশাক প্রস্ততকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর আয়োজনে ‘মেইড ইন বাংলাদেশ উইক-২০২২’-এ বিশেষ পুরস্কারে ভূষিত হলো দেশের অন্যতম তৈরি পোশাক প্রস্ততকারক প্রতিষ্ঠান ‘স্নোটেক্স গ্রুপ’। বিজিএমইএ সভাপতি জনাব ফারুক হাসানের পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘স্নোটেক্স’কে এই বিশেষ পুরস্কার তুলে দেন।

পণ্য উন্নয়ন এবং শিল্প প্রকৌশল (Product development and industrial engineering) এ অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই বিশেষ পুরস্কার প্রদান করা হয়। বিশেষ এই পুরস্কারটি গ্রহণ করেন স্নোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব এস এম খালেদ।

বিশ্ববাসীর কাছে বাংলাদেশের পোশাক শিল্পকে তুলে ধরতে সপ্তাহব্যাপী ‘মেইড ইন বাংলাদেশ উইক ২০২২’ এর আয়োজন করেছে বাংলাদেশ পোশাক প্রস্ততকারক ও রফতানি-কারক সমিতি (বিজিএমইএ)। রোববার (১৩ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

006

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, বিজিএমইএর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি এসএম মান্নান কচি এবং সহ-সভাপতি শহীদুল্লাহ আজিম সহ আরও অনেকে। 
 
উল্লেখ্য, গত ১২ নভেম্বর থেকে শুরু হওয়া সপ্তাহ ব্যাপী ‘মেইড ইন বাংলাদেশ উইক ২০২২’ শেষ হবে ১৬ নভেম্বর। মেইড ইন বাংলাদেশের এই মেগা ইভেন্ট পোশাক খাতের বিদেশি ৫৫০ ব্র্যান্ড ও ক্রেতা প্রতিনিধি ঢাকায় এসেছেন।