পাবনায় নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠনের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা জেলার আটঘরিয়া উপজেলার একদন্তে আত্মসমর্পণ করা সর্বহারা নেতা মুসা হত্যায় জড়িত বলে নিশ্চিত করেছে পুলিশ।
সোমবার (১৪ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী।
গ্রেফতারকৃতরা হলেন, পাবনার চাটমোহর উপজেলার কদমতলীর আব্দুল হাই সামাদের ছেলে সাইফুর ইসলাম ওরফে শুটার সিরাজ (২৫), আটঘরিয়ার নগরচাচকিয়া উত্তরপাড়ার নায়েব আলীর ছেলে একরাম হোসেন (২৫), আমিনপুর থানার চর দূর্গাপুরের কোরবান ব্যাপারীর ছেলে শরিফুল ইসলাম (২৫), আতাইকুলা থানার সাদুল্লাপুরের ফারাদপুর নতুনপাড়ার গফুর প্রামাণিকের ছেলে নাহিদুল ইসলাম শাকিল (১৯) ও রাজবাড়ী জেলার চরভরাটের আজিজুল আয়নাল প্রামানিকের ছেলে জালাল প্রামানিক (২৮)।
পুলিশ সুপার আকবর আলী মুন্সী জানান, আটঘরিয়া থানার একদন্ত ইউনিয়নের অলির মোড়ে সর্বহারা নেতা মুসা খাঁ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত আসামিদের শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত ৩টার দিকে আতাইকুলার ফারাদপুর নতুনপাড়ার নাহিদের বাড়িতে সর্বহারাদের আস্তানায় অভিযান চালায় পুলিশের দুটি চৌকশ দল। অভিযানে ৫ চরমপন্থীকে কোনো ধরনের রক্তপাত ছাড়াই গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা কার্তুজ, একটি ওয়ান শুটারগান, একটি বিদেশি এসএমসি, এসএমসির ম্যাগাজিন, এসএমসির ১৫ রাউন্ড তাজা কার্তুজ, একটি শর্টগান, ৩২ রাউন্ড বারো বোরের তাজা কার্তুজ ও ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৬ অক্টোবর আটঘরিয়া থানার একদন্ত ইউনিয়নের অলির মোড়ে নজিবুলের চায়ের দোকানের পেছনে ক্যারাম খেলছিল ২০১৯ সালে আত্মসমর্প করা সর্বহারা নেতা (১৬ নং সিরিয়াল) মুসা খাঁ (২৮)। বিকেল ৫টার দিকে সশস্ত্র সন্ত্রাসী দিনেদুপুরে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে ও রামদা দিয়ে কুপিয়ে মুসা খাঁকে হত্যা করে চলে যায়। এ সময় তারা সর্বহারা জিন্দাবাদ, মাওবাদী বলশেভিক জিন্দাবাদ স্লোগান দিয়ে পালিয়ে যায় বলে পুলিশ স্থানীয়দের কাছ থেকে জানতে পারে।