এবার টুইটার নিয়ে নতুন পরিকল্পনা ইলন মাস্কের

টুইটারের মালিকানা নেওয়ার কয়েক দিনের মধ্যেই একের পর এক পরিকল্পনা নিয়ে আসছেন ইলন মাস্ক। সম্প্রতি ‘ব্লু টিক ভেরিফিকেশন’ চালু হওয়ার পর টুইটারে ফেক অ্যাকাউন্টের পরিমাণ বেড়ে যাওয়ায় টুইট করে ইলন মাস্ক জানিয়েছেন, টুইটারের থেকে এই অ্যাকাউন্টগুলি চিহ্নিত করা হবে।

টুইট করে ইলন মাস্ক জানান, ‘‘খুব শীঘ্রই সংস্থার পক্ষ থেকে অ্যাকাউন্টগুলি চিহ্নিত করা হবে এবং এই অ্যাকাউন্টের সঙ্গে কারা জড়িত, তা-ও খুঁজে বের করা হবে।’’

কিন্তু এই পরিকল্পনা নিয়ে বিস্তারিত কিছু জানাননি ইলন। তবে তিনি জানিয়েছেন, বহু দেশেই টুইটার মাধ্যম ধীর গতিতে কাজ করছে। এ নিয়ে টুইট করে ক্ষমাও চেয়েছেন তিনি।

ইলন মাস্ক

আবার নতুন একটা পেইড সার্ভিসের পরিকল্পনার কথাও জানান মাস্ক। তাঁর হিসাবে, নতুন এ সেবার গ্রাহক আগামী বছরই ৯০ লাখ হবে। মাস্কের দাবি, ২০২৮ সালে এ সংখ্যা ১০ কোটি ৪০ লাখ ছাড়িয়ে যাবে। এক টুইট বার্তায় তিনি লেখেন—সরকারি ও বাণিজ্যিক ব্যবহারকারীদের টুইটার ব্যবহারের জন্য একটা ‘ছোট্ট’ ফি দিতে হবে।

মাস্ক

এদিকে নিউইয়র্ক টাইমস খবর দিয়েছে, ২০২৫ সালের মধ্যে টুইটারের কর্মী সংখ্যা ১১ হাজার ৭২ জনে উন্নত করবেন মাস্ক। তবে মালিকানা হাতে নিয়েই মাস্ক ব্যাপকভাবে লোকবল ছাঁটাই করতে শুরু করেছেন। ৭ হাজার ৫০০ কর্মীর এই কোম্পানি থেকে ইতিমধ্যে তাদের প্রধান নির্বাহী থেকে শুরু করে অফিস সহকারী পর্যন্ত ৩ হাজার ৮০০ কর্মী ছাঁটাই হয়েছে। তাদের কারও কারও চাকরি গেছে জুমে সভা করার সময় আবার কেউ সকালে ঘুম থেকে উঠে জানতে পেরেছেন, ‘ইয়োর সার্ভিস ইজ নো লঙ্গার রিকয়ার্ড’।