ইংল্যান্ডের ম্যাচে ইনজুরিতে পড়েন সাকিব আল হাসান। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার খেলা নিয়ে সংশয় নেই বলে জানিয়েছে টিম ম্যানেজম্যান্ট। এর মধ্যেই নতুন করে চোটের আশঙ্কায় পড়লেন আরেক অভিজ্ঞ খেলোয়াড় মুশফিকুর রহিম। আজ শনিবার টনটনে স্থানীয় সময় সকালে অনুশীলন করতে গিয়ে হঠাৎই কব্জিতে আঘাত পান তিনি। যদিও আঘাতটা গুরুতর নয় বলে টিম ম্যানেজম্যান্ট জানিয়েছে।
টনটনে স্থানীয় সময় সকাল ১০টায় অনুশীলনে নামে টাইগাররা। এখানেই ক্যারিবীয়দের বিপক্ষে সোমবার খেলবে বাংলাদেশ। অনুশীলনের শুরুতে মাঠে ফুটবল নিয়ে গা গরম করেন তারা। ফুটবল খেলাটা ভালোভাবেই শেষ করেন মুশফিক। সেখান থেকে দলের সঙ্গে ক্যাচিং প্র্যাকটিসে যোগ দেন। এরপর নেটে ব্যাটিং অনুশীলনে যোগ দেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
আরও পড়ুন : জ্ঞান-প্রশিক্ষণ নিয়ে নিজেদের প্রস্তুত রাখুন, এসএসএফকে প্রধানমন্ত্রী
ব্যাটিং প্র্যাকটিসের সময়ই একটি বল হঠাৎ মুশফিকের ডান হাতের কব্জির নিচে লাগে। এরপরই মুশফিককে নিয়ে যাওয়া হয় ড্রেসিংরুমে। সেখানে চলে তার হাতের শুশ্রুষা। বরফ দেয়া হয় আহত স্থানে। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোর ফেসবুক পেজে একটি ভিডিও আপ করা হয়। যেখানে দেখা যায়, মুশফিক মাঠ থেকে ধীরে হেঁটে যান ড্রেসিংরুমে।
ইত্তেফাক/কেআই