লালমনিরহাটের হাতীবান্ধায় বিয়ের ১৯ দিনের মাথায় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বুধবার সকালে উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত আশরাফুল ইসলাম (২২) একই গ্রামের নায়েব আলীর ছেলে।
সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু জানান, সকালে গ্রামে রাস্তার পাশে ভেঙে যাওয়া বিদ্যুতের বাঁশের খুঁটি মেরামতের করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন আশরাফুল। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃতের পরিবার জানায়, মাত্র ১৯ দিন আগে আশরাফুল বিয়ে করে ছিলেন। এ ঘটনার পর থেকে তার স্ত্রী বার বার জ্ঞান হারিয়ে ফেলছেন।
হাতীবান্ধা উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. আনারুল হক জানান, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।