কাতার বিশ্বকাপের পর্দা উঠতে অপেক্ষা আর কয়েক মুহুর্তের। শেষ মুহুর্তের প্রস্তুতিতে ব্যস্ত বিশ্বকাপের অংশগ্রহণকারী ৩২ টি দেশ। এর মধ্যেই দুঃসংবাদ শুনতে হলো বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে। মঙ্গলবার (১৫ নভেম্বর) অনুশীলনের সময় বাম হাঁটুর ইঞ্জুরিতে পড়ে বিশ্বকাপ শেষ হয়ে গেছে ফরাসি ফরোয়ার্ড ক্রিস্টোফার এনকুনকুর।
এনকুনকুর ইঞ্জুরির বিষয়টি নিশ্চিত করা হয়েছে ফ্রেঞ্চ ফুটবল ফেডারশনের (এফএফএফ)পক্ষ থেকেই। অনুশীলনের সময় সতীর্থ এডুয়ার্ডো কামাভিঙ্গার সঙ্গে ধাক্কা লেগে ইঞ্জুরিতে পড়েন এনকুনকু।
এফএফএফ তাদের এক বিবৃবিতে জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় আরবি লিপজিগের স্ট্রাইকার এনকুনকুর হাঁটুর এক্স-রে করা হয়েছে। দূর্ভাগ্যবশত সেখানে যে ইঞ্জুরি ধরা পড়েছে তাতে তার আর বিশ্বকাপে খেলা হচ্ছেনা। মেডিকেল ফাইল ফিফার কাছে পাঠানোর পর তা অনুমোদিত হলে বদলী খেলোয়াড়ের নাম ঘোষণা করা হবে।
এনকুনকুর আগে হ্যামস্ট্রিং ইঞ্জুরির কারনে ডিফেন্ডার প্রিসনেল কিম্পেম্বে ছিটকে গেছেন দল থেকে।
লিপজিগ স্ট্রাইকার এনকুনকু বুন্দেসলিগায় চলতি মৌসুমে ১৫ ম্যাচে ১২ গোল করে এখনো সর্বোচ্চ গোলদাতা তালিকার শীর্ষস্থানে রয়েছেন। বিশ্বকাপের আগেই তাকে হারানোটা ফ্রান্সের জন্য অপূরনীয় ক্ষতিই হয়ে যেতে পারে।