মধুখালী ইউপি চেয়ারম্যানের মৃত্যুতে নিক্সন চৌধুরীর শোক প্রকাশ

ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সাদিকুর রহমান সাজ্জাদের জানাজা নামাজে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী নিক্সন উপস্থিত হয়ে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানান। এ সময় চেয়ারম্যান সাদিকুর রহমান সাজ্জাদের মৃত্যুতে তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন। 

বুধবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে এলাকার হাজার হাজার মানুষের উপস্থিতিতে জানাজা অনুষ্ঠিত হয়। 

এ সময় সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের পক্ষে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. সাহাদাত হোসেন। তিনি বলেন, সাজ্জাদ ভাই এমপি নিক্সন ভাইয়ের অতি কাছের একজন মানুষ ছিলেন। লড়াই সংগ্রামে প্রতিটি মুহূর্তে সাজ্জাদ ভাই এমপি নিক্সন চৌধুরীর পাশে থেকে সহযোগিতা করেছেন। আজ তার জানাজায় এসে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি আবেগে আপ্লুত হয়ে কেঁদে ফেলেন। তাই আমি আপনাদের কাছে এমপি মহোদয়ের পক্ষ থেকে বলছি, সাজ্জাদকে আপনারা ক্ষমা করবেন। তার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন যেন তিনি জান্নাতবাসী হন। 

MADHUKHALI SAZZAD janaja pic 02

জানাজা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান মুরাদ, কেন্দ্রীয় যুব দলের নেতা মো. মনিরুজ্জামান মৃধা মনির, জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য মো. আকরাম হোসেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মধ্যে চৌধুরী রাকিব হোসেন ইরান, মো. জাকির হোসেন, শেখ সাব্বির হোসেন, শাহ আছাদুজ্জামান তপনসহ এলাকার হাজার হাজার মানুষ উপস্থিত হয়।  

সাদিকুর রহমান সাজ্জাদ (৫১) গত ২৩ আগস্ট আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে জেলা প্রশাসক কার্যালয়ে শপথ গ্রহণ করেন। অসুস্থতার কারণে তিনি ভারতে দিল্লির ফকিরাবাদ কিডনী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রোববার ভারতের সময় ৯টায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি মা, স্ত্রী ও এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

sajjadur

এদিকে চেয়ারম্যান সাজ্জাদের পিতা শফিউর রহমান (শফি মোল্যা) গত ২০ দিন আগে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মারা যান।

গত ২৭ জুলাই ২০২২ মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নসহ তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সাদিকুর রহমান সাজ্জাদ আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চেয়ারম্যান সাদিকুর রহমান সাজ্জাদ এর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি মো. আব্দুর রহমান শোক প্রকাশ করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।