কারও সঙ্গে আপস করবে না বিএনপি: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনীতিতে এখন নষ্ট সময় চলছে। নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে বিএনপি কারও সঙ্গে আপস করবে না।

বুধবার (১৬ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, আগ্নেয়গিরির মতো মানুষ ফুঁসে উঠছে, সরকার মিথ্যা ও গায়েবি মামলা দিয়ে বিএনপিকে রুখতে পারবে না। বিএনপি নেতাকর্মীদের ত্যাগ স্বীকার করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। জাতির অস্তিত্ব রক্ষা করতে হবে। নতুন করে দেশের অস্তিত্ব তৈরি করতে হবে। যে যত কথাই বলুক, এবার বিজয় অর্জন করতে হবে, কোনো বিকল্প নেই।

তিনি বলেন, এখন রাজনীতি বদলে গেছে। আমার প্রায় মনে হয় এখন নষ্ট সময় চলছে। এই নষ্ট সময়ে মওলানা ভাসানীকে স্মরণ করা, তাকে অনুসরণ করার লোক খুঁজে পাওয়া যাবে না। ভাসানী নিজের জন্য কোনো কিছু চাননি। ১৯৫৪ সালে তার দল নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে, মওলানা ভাসানী মন্ত্রিত্ব নেননি। এই হচ্ছে মওলানা ভাসানী।

মির্জা ফখরুল বলেন, আমরা কঠিন লড়াই শুরু করেছি। এ লড়াইয়ে জয়ী হতে হলে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে প্রতি মুহূর্তে স্মরণ করতে হবে। কীভাবে উনি হেঁটে হেঁটে ফারাক্কা বাঁধে গেছেন, কীভাবে উনি মানুষকে সঙ্গে নিয়ে গ্রামের পর গ্রাম ঘুরেছেন, কীভাবে উনি মানুষের দুঃখের সময়ে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন, সেই মওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে আমরা মনে করবো, স্মরণ করবো। আমরা মনে করি, আমরা সফল হতে সক্ষম হবো।