রাজশাহী থেকে কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় রাজশাহীর শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে নভোএয়ারের প্রথম ফ্লাইট উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
বিমানের সংস্থাটি জানায়, প্রথম ফ্লাইটে ৭০ জন যাত্রী কক্সবাজারের উদ্দেশ্যে রাজশাহী ছেড়েছেন। নভোএয়ারের সরাসরি ফ্লাইট রাজশাহী থেকে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ছেড়ে দুপুর ১২টায় কক্সবাজারে পৌঁছাবে। কক্সবাজার থেকে সপ্তাহের প্রতি রবিবার বিকাল ৩টা ৩৫ মিনিটে ছেড়ে বিকাল ৫টা মিনিটে রাজশাহীতে পৌঁছাবে। এই রুটে ওয়ানওয়ে সর্বনিম্ন ভাড়া ৫ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে ভ্রমনকারীদের জন্য কক্সবাজারে তিন রাত চার দিনের হোটেল ফ্রি অফার ঘোষণা করেছে নভোএয়ার। এই অফারে দুইজনের কক্সবাজার যাওয়া-আসা এবং তিন রাত হোটেলে ফ্রি থাকার সুবিধা রয়েছে। তবে অফারটি উপভোগ করতে দুজনের রাজশাহী থেকে কক্সবাজারের রিটার্ন টিকেট কিনতে হবে।
নভোএয়ার কক্সবাজারের সাত হোটেলের সঙ্গে চুক্তি করেছে। এর মধ্যে রয়েছে হোটেল দি কক্স টুডে, সিগাল হোটেল, লং বিচ হোটেল, নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট, উইন্ডি ট্যারেস হোটেল, গ্রেস কক্স স্মার্ট হোটেল এবং হোটেল সি প্যালেস।
বর্তমানে নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর, রাজশাহী, সিলেট, যশোর এবং আন্তর্জাতিক গন্তব্যে কলকাতা ফ্লাইট পরিচালনা করছে।