কাল থেকে সাময়িক বন্ধ হচ্ছে ‘মধুমিতা’ হল

সিনেমা সংকটে ঢাকার অন্যতম প্রাচীন সিনেমা হল মধুমিতা সাময়িকভাবে বন্ধ হয়ে যাচ্ছে। শুক্রবার থেকে আগামী একমাস প্রেক্ষাগৃহটিতে কোনো সিনেমার প্রদর্শনী হবে না। বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন মধুমিতার মালিক ইফতেখার উদ্দিন নওশাদ।

তিনি বলেন, ‘প্রতিদিন মোট সেল হচ্ছে মাত্র ৪ থেকে ৫ হাজার টাকা। এদিকে বিশ্বকাপ ফুটবল আসছে। মানুষ তো ফুটবলের জন্য পাগল। ২০ তারিখ রোববার থেকে শুরু হবে, ডিসেম্বরের ২০ তারিখ পর্যন্ত চলবে। আমরা ভাবলাম এই সময়টা বন্ধ রাখি। আর প্রেক্ষাগৃহে কিছু কাজও আছে, সাউন্ড সিস্টেম নতুন লাগাচ্ছি।’

এর আগেও বেশ কয়েকবার সিনেমা হলটি বন্ধের সিদ্ধান্ত নেন মধুমিতার মালিক। তবে নতুন সিনেমা মুক্তি পেলে আবারও পর্দা চালু করেন তারা।

নওশাদ মনে করেন, দেশে ভালো মানের সিনেমা নেই বলেই দর্শক খরায় ইন্ডাস্ট্রি। সেই সঙ্গে দীর্ঘদিন বিদেশি সিনেমা হলে চালানোর দাবি করে আসছেন তিনি। এজন্য অনেক আন্দোলন-কর্মসূচিও পালন করেছেন এই হল মালিক ও প্রযোজক।

ঢাকা শহরের অন্যতম প্রাচীন সিনেমা হল মধুমিতা। ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত এই সিনেমা হলটি এখনও ঢাকার সিনেমাপ্রেমী দর্শকের কাছে অন্যতম আকর্ষণ কেন্দ্র। হলটিতে বর্তমানে ১টি প্রদর্শনী কক্ষের মাধ্যমে সিনেমা দেখানো হয়। এতে একসঙ্গে ১২০০ জনের মতো দর্শক সিনেমা উপভোগ করতে পারেন।