সমুদ্রে প্লাস্টিক দূষণরোধ ও পরিবেশ রক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কক্সবাজারে ব্যতিক্রমী উদ্যোগ চালু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন 'বিদ্যানন্দ ফাউন্ডেশন'।
কক্সবাজার জেলা প্রশাসন এবং ট্যুরিস্ট পুলিশের সহযোগীতায় শুরু হওয়া কর্মসূচিতে সৈকতের বালিয়াড়ি ও আশপাশে থাকা পর্যটকরা প্লাস্টিক পণ্য জমা দিয়ে উপহার হিসেবে বই, গাছের চারা ও পাটের তৈরি ব্যাগ পাবেন। এমনটি জানিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মাসুম বিল্লাহ।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেলে সৈকতের লাবণী পয়েন্টে ‘প্লাস্টিক দিয়ে উপহার নিন’ এ কর্মসূচির উদ্বোধন করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান।
সংশ্লিষ্টরা জানান, পর্যটকরা প্লাস্টিক পণ্য জমা দিয়ে উপহার সংগ্রহ করতে পারবেন। লাবনী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে ১৭ নভেম্বর থেকে ১৬ জানুয়ারি ২০২৩ পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে। প্রতি শুক্র ও শনিবার এবং অন্যান্য সরকারি ছুটির দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কার্যক্রম চলবে।
আয়োজক সংস্থা জানায়, বর্তমানে প্লাস্টিক দূষণ বিশ্বে ভয়াবহ আকার ধারণ করেছে। খাল, বিল, নদী, এমনকি সাগরের দূষণের অন্যতম কারণ পলিথিন ও প্লাস্টিক। প্রতিনিয়ত অতিরিক্ত প্লাস্টিক পদার্থের অপব্যবহার দূষণের মাত্রা বাড়াচ্ছে৷ পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা 'আর্থ ডে নেটওয়ার্ক' এক প্রতিবেদনে বলেছে, বিশ্বে প্লাস্টিক দূষণকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১০ নম্বরে। প্লাস্টিকদূষণের ফলে প্রতি বছর ১০ লাখ সামুদ্রিক পাখি এবং এক লাখ সামুদ্রিক প্রাণী মৃত্যুবরণ করে।
বাতাস, পানি কিংবা মাটি বাঁচাতে প্লাস্টিকের ব্যবহার কমাতে সচেতনতা সৃষ্টির চেষ্টা করছে বিদ্যানন্দ।
জলবায়ু পরিবর্তনসহ বৃক্ষরোপণ ও খাদ্যাভ্যাস পরিবর্তন নিয়েও কাজ করছে এ সংস্থা।।
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার চৌধুরী মিজানুজ্জামান, কক্সবাজার প্রেসক্লাবের সেক্রেটারি মুজিবুল ইসলাম ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড সদস্য জামাল উদ্দিনসহ প্রশাসন ও বিচ সংশ্লিষ্টরা।