বিজেএসসি রাবি সংসদের নেতৃত্বে ফারুক-নিলয়

বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্ট কাউন্সিলের (বিজেএসসি) রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদের ২০২২-২৩ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. উমর ফারুককে সভাপতি ও  নাদিম ইসলাম নিলয়কে সাধারণ সম্পাদক করে এক বছরের কমিটি গঠন করা হয়।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর ) রাতে কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. হেদায়েতুল ইসলাম ও সাধারণ সম্পাদক তাওসিফ আবদুল্লাহ সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজেএসসি'র ২০২২-২৩ সেশনের কার্যনির্বাহী কমিটির মোট দুই সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। আগামী এক বছর এই কমিটি দায়িত্ব পালন করবে। নতুন দায়িত্বপ্রাপ্তদেরকে আগামী ১৫ দিনের মধ্যে বাকি কমিটি পূর্ণাঙ্গ করার দায়িত্ব দেওয়া হয়।

‘একতাই বল, যোগাযোগই সম্বল’ এই স্লোগানে দেশের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করার প্রয়াসে ২০১৫ সালের ১৩ নভেম্বর বিজেএসসি প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে দশটি সরকারি বিশ্ববিদ্যালয় ও চার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এর শাখা রয়েছে।