মানবাধিকারের পক্ষে থেকে ‘জরিমানা দিতে প্রস্তুত’ জার্মানি

কাতার বিশ্বকাপে মানবাধিকারের পক্ষে অবস্থান নিয়ে আর্থিক জরিমানা দিতে হলে সেটিও দিতে প্রস্তুত আছে বলে জানিয়েছেন জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের  (ডিএফবি) সভাপতি বার্ন্ড নুয়েনডর্ফ।

রোববার (২০ নভেম্বর) থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টকে সামনে রেখে ফিফার সংবাদ বিজ্ঞপ্তিতে ‘বিরক্ত’ হয়েছেন বলেও মন্তব্য করেছেন ডিএফবি প্রধান। চলতি মাসের শুরুতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা বলেছিল, আদর্শিক লড়াই বাদ দিয়ে অংশগ্রহণকারী ৩২টি দলের এখন ফুটবলের প্রতি মনোযোগ দেয়া উচিৎ।
 
মানবাধিকার লঙ্ঘন, নারী নির্যাতন, ভিন্নমতাবলম্বীদের দমন, বিদেশী কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারসহ বিভিন্ন ইস্যুতে বিশ্বকাপের আয়োজক মধ্যপ্রাচ্যের দেশ কাতারকে নিয়ে বিশ্বব্যাপী চলছে নানান সমালোচনা। নুয়েনডর্ফ বলেন, মানবাধিকার প্রশ্নে ভবিষ্যতের আরো পদক্ষেপের প্রতি সমর্থন দেওয়া থেকেও পিছপা হতে চান না তিনি।

ইউরোপের অন্য দলগুলোর অধিনায়কদের সঙ্গে নিয়ে বৈষম্য বিরোধী আর্মব্যান্ড ‘ওয়ান লাভ’ পরার প্রতিশ্রুতি দিয়েছেন জার্মান অধিনায়ক ম্যানুয়েল নয়্যার। তবে এর বিরুদ্ধে ফিফা কোন ব্যবস্থা গ্রহণ করবে কিনা সেটিও পরিস্কার নয় বলে জানিয়েছেন জার্মান ফুটবল প্রধান। তিনি বলেন, ‘আর্মব্যান্ড পরাটা কোন রাজনৈতিক বিষয় নয় বরং এটি মানবাধিকারের প্রতি সমর্থন। এতে যদি আর্থিক জরিমানা থাকে, তাহলে সেটি পরিশোধ করতেও আমি প্রস্তুত আছি।’