শাকিব ভাই স্ট্রাইকার, আমি মিড ফিল্ডার

এবার ঈদে মুক্তি পেয়েছে ৩টি সিনেমা। এরমধ্যে অন্যতম আলোচিত ‘পাসওয়ার্ড’। মুক্তির আগে থেকেই এ নিয়ে চলছে আলোচনা। সিনেমার নায়ক শাকিব খান হলেও চিত্রনায়ক ইমন সিনেমাটি মুক্তির পর বেশ আলোচিত হয়েছেন। সিনেমা মুক্তির পর সিনেমাটি নিয়ে সাড়া ও নকলের অভিযোগ প্রসঙ্গে কথা বললেন বিনোদন প্রতিদিনের সঙ্গে। সাক্ষাত্কার নিয়েছেন মোস্তাফিজ মিঠু

এবার ঈদে আপনার ‘পাসওয়ার্ড’ সিনেমাটি মুক্তি পেয়েছে। শুরুতে সিনেমা মুক্তির পরবর্তী অবস্থা প্রসঙ্গে জানতে চাই—

‘পাসওয়ার্ড’-এর সফলতা এরইমধ্যে সবার জানা। সবচেয়ে বেশি হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। এখন পর্যন্ত বেশিরভাগ হলে সিনেমাটির অবস্থা অনেক ভালো। এমনকি হল সংখ্যাও বেড়েছে। ২০৪টি হলে চলছে ‘পাসওয়ার্ড’। এটি অবশ্যই একটি সিনেমার জন্য অনেক বড় বিষয়। এছাড়া সিনেমার নির্মাতা মালেক আফসারীর কথা তো নতুন করে বলার কিছু নেই। মাস্টারমেকার তিনি। অন্যদিকে সিনেমার মূল চরিত্রে রয়েছেন শাকিব খান। তাঁর জনপ্রিয়তা নিয়েও নতুন কিছু বলার নেই।

 

সিনেমার মূল চরিত্রের রয়েছেন শাকিব খান। সেই জায়গা থেকে আপনাকে নিয়ে দর্শকদের সাড়া কেমন ছিল?

সিনেমাটির একটি বিষয় মুক্তির আগে থেকেই অনেকেই জানেন, আমার চরিত্রটির এখানে বেশ গুরুত্ব দেওয়া হয়েছে। শাকিব ভাই নিজে আমাকে ফোন করে সিনেমাটি করতে বলেন। তাঁর প্রতি আমার আস্থা ছিল। আর সেই আস্থার জায়গাটাও ঠিক ছিল। সিনেমায় শাকিব ভাই স্ট্রাইকার, আমি মিড ফিল্ডার। দর্শকরা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন তা ভোলার মতো না। লন্ডন থেকে এক পরিবার এসেছে ঈদে ঢাকায়। তাঁরা হলে এসে আমাকে ফোন দিয়েছেন এবং সিনেমার দেখার পর তাঁদের যে ভালোবাসার কথা শুনেছি তা আসলেই একজন শিল্পী হিসেবে সৌভাগ্যের। এছাড়া বিভিন্ন হলে আমি সিনেমাটি দেখতে গিয়েছি। সিনেমাটি দেখে দর্শকরা বের হয়ে অনেক প্রশংসা করেছেন।

 

সিনেমাটি নিয়ে নকলের অভিযোগ উঠেছে। এ নিয়ে সিনেমার সংশ্লিস্ট একজন হিসেবে আপনার মন্তব্য কী?

বিভিন্ন সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে একটি সিনেমা নির্মাণের বিষয়টি অনেক আগে থেকেই রয়েছে। পুরোবিশ্বেই এমনটি হয়। অনেকেই বলছেন একটি তামিল সিনেমা ও কোরিয়ান সিনেমা ‘দ্য টার্গেট’ থেকে নকল করে ‘পাসওয়ার্ড’ নির্মাণ করা হয়েছে। কিন্তু বিষয়টি একদমই এমন নয়।

 

ঈদে ‘পাসওয়ার্ড’ ছাড়াও ‘নোলক’ ও ‘আবার বসন্ত’ শিরোনামে দুটি সিনেমা মুক্তি পেয়েছে। সেই ছবিগুলো কী দেখেছেন?

্এখনো দেখা হয়নি। ‘পাসওয়ার্ড’ নিয়ে এখন পর্যন্ত বেশ ব্যস্ততা চলছে। তবে আগামী সপ্তাহেই সিনেমাগুলো দেখবো।

 

নতুন সিনেমায় কবে দেখা যাচ্ছে?

এখন পর্যন্ত কোনোকিছুই চূড়ান্ত হয়নি। অনেকের সাথে কথা হচ্ছে। বেশ কয়েকটি গল্প ভালো লেগেছে। সেগুলো নিয়ে একে একে বসবো। শিগগিরই হয়তো নতুন সিনেমা নিয়ে নতুন কোনো খবর দিতে পারবো সবাইকে।