‘শুটিং শেষের আগে কোনো কথা নয়’

বিনোদন ডেস্ক

 

দীপিকা পাডুকোনের ‘ছপাক’ সিনেমাটি নিয়ে আগ্রহের কমতি নেই তাঁর ভক্তদের। সিনেমায় তাঁর প্রথম লুক দিয়ে বেশ আলোচনা তৈরি করেছেন।

এসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের জীবনের ওপর তৈরি মালতীর চরিত্রে দীপিকা অভিনয় করছেন। দোলের পরদিন থেকে দিল্লিতেই শুরু হয়েছে এই ছবির শুটিং।

দীপিকা ছাড়াও এই ছবিতে রয়েছেন বিক্রান্ত মাসে।

সিনেমাটি নিয়ে বেশ উচ্ছ্বসিত দীপিকা। তবে সিনেমাটির শুটিং শেষ না হওয়া পর্যন্ত এ নিয়ে নতুন করে কিছু বলবেন না তিনি।

দীপিকা বলেন, ‘শুটিং শেষের আগে কোনো কথা নয়। অন্য বিষয় নিয়ে আমরা কথা বলতে পারি। এটি বেশ উল্লেখযোগ্য একটি কাজ আমার। আমি সেটাই বিশ্বাস করি।’

অন্যদিকে ছবির পরিচালক মেঘনা গুলজার বলেন, ‘মালতীর চরিত্রের জন্য নিজেকে ভেঙে নতুন করে তৈরি করেছেন দীপিকা। আমি মনে করি, নিজের চেনা ছক থেকে বেরিয়ে এসে এভাবে অন্যের আদলে নিজেকে গড়ে তোলার কাজটা একেবারেই সহজ নয়। দীপিকা নিজের ব্র্যান্ড থেকে বেরিয়ে এসে এই চরিত্রের জন্য তৈরি হয়েছেন। এজন্য অনেক সাহস লাগে।’