দীপ্ত টিভিতে প্রতিদিন সন্ধ্যা ৬টা ও রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হচ্ছে তুর্কি ধারাবাহিক ‘ফাতমাগুল’।
সাগরের কোলঘেঁষে বেড়ে ওঠা ছোট্ট গ্রাম ইলিদর। যেখানে দিগন্ত জোড়া জলরাশির হাতছানিতে সাড়া দেয় দুরন্ত গাঙচিল। তাদের ছন্দে আনমনে গুনগুনিয়ে যায় এই গ্রামেরই মেয়ে ফাতমাগুল। গুল মানে গোলাপ। বাবা-মা আদর করে ফুলের নামে নাম রাখলেও মেয়েটির জীবনে আর কোথাও ছিল না ফুলেল কোমলতার ছোঁয়া। সহজ-সরল বড় ভাই রাহমি আর কুটিল ভাবী মুকাদ্দেসের সংসারে প্রতিনিয়ত গালমন্দ আর অবহেলা সহ্য করে দিনকাটে ফাতমাগুলের। ওর শান্তনা শুধু একটাই। ছোটবেলার প্রেম মুস্তফা নালচালির ঘরনী হয়ে তাঁরও একদিন একটা সুখের সংসার হবে। কিন্তু হঠাত্ এক ঝড়ে তছনছ হয়ে যায় ফাতমাগুলের সাজানো স্বপ্ন। উচ্চবিত্ত ইয়াশারান পরিবারের বখাটে ছেলে সেলিম, অ্যারদোয়ান ও তাঁর সঙ্গীদের উম্মাদনায় ফাতমাগুলকে হারাতে হয় তাঁর সম্ভ্রম আর সমাজের তথাকথিত নারীর সম্মান।