চতুর্থ নদী পর্যটন উৎসব ১৬ ডিসেম্বর

চতুর্থবারের মতো আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে নদী পর্যটন উৎসব। যৌথভাবে এই নদী উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ ট্যুরিজম এক্সপ্লোরারর্স অ্যাসোসিয়েশন (বিটিইএ) ও ফেসটিভ্যাল অ্যান্ড কালচারাল ট্যুরিজম কনসোর্টিয়াম (এফসিটিসি)। 

আয়োজকরা জানিয়েছেন, ইতোমধ্যেই শুরু হয়েছে এই উৎসবের রেজিষ্ট্রেশন কার্যক্রম। যা চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত। পরিবার পরিজন বা বন্ধুবান্ধব-প্রিয়জনকে নিয়ে নদীতে কাটানোর মতো একটি দিন উপহার দিতে এই উৎসবের আয়োজন করেছেন তারা। অনুষ্ঠানগুলো সাজানো হয়েছে পরিবারবান্ধব করে। যেখানে শিশুদের জন্য থাকবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নানা ধরণের শিশুতোষ খেলার আয়োজন। থাকবে পরিবারভিত্তিক খেলা, পাপেট শো, দেশীয় খাবার ও পণ্যের ছোট মেলা, বাউল গান, পুতুল নাচ ও ব্যান্ড সঙ্গীতের আয়োজন। সারাদিন লঞ্চে থাকার কারণে থাকবে বাহারী খাবারের আয়োজনও। ১৬ ডিসেম্বর সকালে ৭টায় রিভার ক্রুজে ঢাকার সদরঘাট থেকে রওনা হয়ে নদীপথে চাঁদপুর যাবে। দিনভর নানান উৎসব-আয়োজন শেষে ঢাকায় ফিরবে রাত ৮টায়। ফেসবুক ও মোবাইল ফোনে ০১৭৯৬৮০৭০৪৯ নম্বরে যোগাযোগ করে রেজিস্ট্রেশন করা যাবে বলেও জানান আয়োজকরা। 

আয়োজনের বিষয়ে বিটিইএ’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শহীদুল ইসলাম সাগর বলেন, বাংলাদেশ নদী মাতৃক দেশ। নদীকে ঘিরেই আমাদের সমাজ ও সভ্যতার গোড়াপত্তন। এ নদীকে ঘিরেই তৈরি হয় শহর, নগর ও শিল্পায়ন। ক্রমাগত দখল ও দূষণে আমাদের নদীগুলো হারাতে বসেছে  চিরচেনা ঐতিহ্য। সময় এসেছে নদীর প্রতি যত্ন নেওয়ার। এ বিষয়টি মাথায় রেখে প্রতিবছর আমরা এ উৎসবটি আয়োজন করি। এ নিয়ে চতুর্থ বারের মতো আয়োজন হচ্ছে উৎসবটি। 

উল্লেখ্য, বর্ণিল এই উৎসবের সহ-আয়োজক হিসেবে থাকছে বগুড়া ট্যুরস এন্ড ট্রাভেলস চক্কর ট্যুরস এন্ড ট্রাভেলস, ট্রাভেলারস হাব, হ্যামক ট্যুরিজম বিডি, প্যারেন্টস এভিয়েশন, মায়াবি ট্যুরস।