সমালোচকদের এক হাত নিলেন তামিম

স্পোর্টস রিপোর্টার, টনটন (ইংল্যান্ড) থেকে

চলতি বিশ্বকাপে বাংলাদেশের কয়েকজন ক্রিকেটারের পারফরম্যান্স নিয়ে অসন্তোষ ছড়িয়েছে ক্রিকেটপ্রেমীদের মাঝে। টানা দুই ম্যাচ হারের পর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন সমালোচনার ঝড় উঠেছে। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, ওপেনার তামিম ইকবাল, বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে বলির পাঁঠা বানানো হচ্ছে। নেতিবাচক এসব আলোচনা নিয়ে মুখ খুলেছেন তামিম।

চলমান সমালোচনার জবাবটা তিনি দিয়েছেন বেশ কড়া ভাষায়। গতকাল টনটনে সাংবাদিকরা এ বিষয়ে প্রশ্ন তুললে তামিম বলেন, ‘কথাটা বলে কারা এটা দেখা খুব জরুরি। আমার কথা বাদই দিলাম। মাশরাফি ভাইয়ের কথাই বলি, যারাই একথাটা বলছে বা এটা নিয়ে আলোচনা করছে তারা যদি এটা বলার বা লেখার আগে দুইটা মিনিট যদি একটু চিন্তা করে যে আমি কার ব্যাপারে বলছি। গত ১৫-১৬ বছর ধরে তিনি কী করেছেন বাংলাদেশের ক্রিকেটের জন্য। এখন যদি তর্কের খাতিরে তাকে আপনি আনফিট বলেন তাহলে এরকম আনফিটতো তিনি গত ১০ বছর ধরেই। তার দুইটা হাঁটুতো কোনো সময় ভালো ছিল না। তখন কিন্তু আমরা এটাকে আবেগ নিয়ে দেখেছি। এখন একটু ১৯-২০ হচ্ছে দেখে এটাকে আমরা অনেক বড় করে দেখছি।’

দেশের ক্রিকেটের এগিয়ে আসার পেছনে মাশরাফির অবদান তুলে ধরে অভিজ্ঞ এই ওপেনার গতকাল বলেছেন, ‘এমন একটা ব্যক্তিকে নিয়ে আমরা কথা বলছি যে, ওই ব্যক্তির হাত ধরেই আমরা এই পর্যন্ত এসেছি। টিমের জন্য বলেন আর আমার ব্যক্তিগত পর্যায়েই বলেন, এটা আসলে খুব দুর্ভাগ্যজনক আমার কাছে মনে হয়। উনি (মাশরাফি) যা করেছেন বাংলাদেশ টিমের জন্য, বাংলাদেশের ক্রিকেটকে এখানে আনার জন্য। উনার ব্যাপারে এ ধরনের মন্তব্য করা বা আলোচনা করা খুবই অনৈতিক কাজ।’

দ্বিতীয় দফায় নেতৃত্বে আসার পর মাশরাফির হাত ধরে অনেক সাফল্য পেয়েছে বাংলাদেশ। পেস বোলার হিসেবেও তিনি দলের অন্যতম সেরা পারফরমার। পরিসংখ্যান অন্তত তাই বলে। নড়াইল এক্সপ্রেস দেশবাসীর কাছে আরো বেশি সম্মান প্রাপ্য বলে জানিয়েছেন তামিম।

তিনি বলেছেন, ‘মাশরাফি ভাই এখন যতটা সম্মান পাচ্ছেন তার চেয়ে অনেক বেশি সম্মান তার পাওয়া উচিত। আমি শুনেছি বিদেশি কিছু কিছু ক্রিকেটার বলেছেন, ওরা নিজেদের জীবনে কী করেছে। দেশের জন্য তাদের অবদান কী। এটা আমাদের দেখতে হবে। আমি আসলে দেশের বাইরের মানুষ কি বলেছে সেটা নিয়ে ভাবছি না। সবার একটা মতামত থাকে। সবাই তা দিতে পারে। তবে দেশের মানুষজনের এটা বোঝা উচিত যে, দেশের জন্য মাশরাফির অবদানটা কি।’

ভালো সময়ের মতো খারাপ অবস্থানেও ক্রিকেটারদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন ওয়ানডেতে দেশের সর্বোচ্চ রান সংগ্রাহক। তামিম বলেছেন, ‘একটা খেলোয়াড়ের জীবন একটা বৃত্তের মত ঘুরপাক খায়। কখনো আপনি ভালো করবেন। আবার কখনো খারাপ সময়ের জন্যও প্রস্তুত থাকতে হবে। খালি ভালো খেললেই আপনি সাথে থাকবেন, এটাতো ঠিক না। যখন খারাপ খেলবেন তখনও আপনাকে সাথে থাকতে হবে। বিশ্বকাপের মতো একটা মেগা ইভেন্টে প্রত্যেকটা প্লেয়ার ভালো খেলার চেষ্টা করে। যে টিম চ্যাম্পিয়ন হবে ওই টিমেরও ১১টা প্লেয়ার ভালো খেলবে না। কিছু ফর্মে থাকবে, কিছু থাকবে না।’