স্টয়নিসের জন্য অপেক্ষা

স্পোর্টস ডেস্ক

গত ৯ জুন ভারতের বিপক্ষে বল করতে গিয়ে চোট পেয়েছিলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। সাইড স্ট্রেইনের চোট পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে দেয়নি তাকে। দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ জানিয়েছেন, ২০ জুন বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগ পর্যন্ত ফিটনেস প্রমাণ করার সময় পাচ্ছেন স্টয়নিস। এ সময়ের মধ্যে ফিটনেস প্রমাণে ব্যর্থ হলে বিশ্বকাপ থেকে ছিটকে পড়বেন এ অলরাউন্ডার। তার জায়গায় দলে অন্তর্ভুক্ত হতে পারেন মিচেল মার্শ। গত শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্টয়নিস সম্পর্কে ফিঞ্চ বলেছেন, ‘সে এ ম্যাচেও খেলতে পারবে না। চোট কাটিয়ে ওঠলেও গত দুই দিনে এখনো সে বল হাতে নেয়নি। পরবর্তী ম্যাচের আগে আমাদের হাতে চার দিন সময় আছে। আমি মনে করি এটা স্টয়নিসের ফিটনেস পরীক্ষার জন্য আদর্শ সময়। আমরা শুধু তার পুরোপুরি সেরে ওঠার অপেক্ষা করছি।’