জয়ে শুরু ব্রাজিলের

কোপা আমেরিকা

স্পোর্টস ডেস্ক

ফেলিপে কোটিনহোর জোড়া গোলে জয় দিয়েই কোপা আমেরিকা শুরু করেছে স্বাগতিক ব্রাজিল। বলিভিয়ার বিপক্ষে ৩-০ গোলে জিতেছে কোচ তিতের দল।

তিন গোলের ব্যবধানে জিতলেও গতকাল শনিবার সাও পাওলোয় অপেক্ষাকৃত দুর্বল শক্তির দল বলিভিয়ার বিপক্ষে ব্রাজিলের শুরুটা কিছুটা মন্থরই ছিল। এ জন্য, দর্শকদের দুয়োও হজম করতে হয়েছে। তবে দ্বিতীয়ার্ধেই স্বরূপে ফেরে ব্রাজিল। ৫০ মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে সেলেসাওদের এগিয়ে দেয়া ফেলিপে কোটিনহো এর তিন মিনিট পর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন। এরপর ৮৪ মিনিটে ফরোয়ার্ড এভারটন গোল করলে কোপা আমেরিকায় শততম জয়টি পায় ব্রাজিল।

ম্যাচশেষে সংবাদ সম্মেলনে অবশ্য শততম জয়ের প্রসঙ্গ ছাপিয়ে আলোচনায় উঠে এলো দর্শকদের বৈরী আচরণই। তবে কোচ তিতে একে ইতিবাচকভাবেই দেখছেন। তিনি বলেন, ‘আমরা এটা অনুভব করেছি, তরুণ খেলোয়াড়রাও এটা অনুভব করেছে। বড় ক্লাবে খেলে এসে জাতীয় দলে যখন আপনি পারফরম করতে ব্যর্থ হবেন তখন সমর্থকরা ব্যাপারটা বুঝবে এটা আশা করা উচিত নয়। তারা দুয়ো দেবেই।