বৃষ্টির বাগড়ায় সম্প্রচারে ১০০ কোটি রুপি ক্ষতির শঙ্কা

ভারত-পাকিস্তান লড়াই

স্পোর্টস ডেস্ক

ভারত ও পাকিস্তানের মধ্যকার আজকের বিশ্বকাপ ম্যাচটিতেও বৃষ্টি বাদ সাধতে পারে। সে ক্ষেত্রে খেলাটি ঠিকমতো হতে না পারলে ভারতের স্টার স্পোর্টস চ্যানেলের ১০০ কোটি রুপির বিজ্ঞাপনী আয় ক্ষতিগ্রস্ত হবে।

ম্যানচেস্টারে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়ার কথা চিরপ্রতিদ্বন্দ্বী এই দুদলের বহুল প্রতীক্ষিত লড়াইটি। আবহাওয়ার পূর্বাভাসে জানা গেছে, আজ ওল্ডট্র্যাফোর্ডের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। তার মধ্যেই শুরুতে কয়েক দফায় ও পরে বিকেলের দিকে বৃষ্টি হতে পারে।

ইংল্যান্ডে অনুষ্ঠানরত এবারের বিশ্বকাপকে বৃষ্টি ভোগাচ্ছে। এ কারণে চারটি খেলা পরিত্যক্ত হয়ে গেছে। সর্বশেষ গত বৃহস্পতিবার নটিংহ্যামে ভারত ও নিউজিল্যান্ডের খেলাটিতে টসও অনুষ্ঠিত হতে পারেনি।

বিশ্বকাপের খেলাগুলোয় রিজার্ভ ডে না রাখার কারণে ইতিমধ্যেই আইসিসির ব্যাপক সমালোচনা হয়েছে। যদিও আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন বলেছেন গ্রুপ পর্বে এরকম কিছু করা হলে খেলা শেষ করা কঠিন হতো। তার পরও আইসিসির কঠিন সমালোচনা করেছেন ভারতের সাবেক দুই ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি ও গৌতম গম্ভীর। গাঙ্গুলি জানান, বিশ্বকাপের মতো আসরে এরকম গুরুত্বপূর্ণ ম্যাচগুলোয় আউটফিল্ডও ঢেকে রাখা দরকার ছিল। বিশেষ করে ইংল্যান্ডে যেখানে ঘন ঘন বৃষ্টি হয়। গম্ভীরের মতে, আইসিসি আরো বেশি কিছু করতে পারত। নটিংহ্যামের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, বৃষ্টি থেমে যাওয়ার দুই তিন ঘণ্টা পরও খেলা শুরু করা গেল না। তা ছাড়া তিন দিন আগে থেকে বৃষ্টির কথা জানার পর মাঠ ঢেকে রাখা দরকার ছিল। বিশেষ করে ভেজা আউটফিল্ডের কারণেই যেখানে বিলম্ব হয়েছিল।