মংলা (বাগেরহাট) সংবাদদাতা
মংলায় শুক্রবার রাতে এক তরুণীর গায়ে ঢিল ছুড়ে উত্ত্যক্ত করার ঘটনায় তিন যুবককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা করেন। দণ্ডপ্রাপ্তরা হলো শাহরিয়ার কবির সবুজ, আল মামুন ও হাসান আলী।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম জানান, শহরতলীর কলেজ সংলগ্ন মনপুরা এলাকার এক তরুণী পরিবারের সদস্যদের সঙ্গে নদী পাড়ের ফেরি ঘাট সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে ঘুরতে আসে। সেখানে ঐ তরুণীকে নানাভাবে উত্ত্যক্ত করাসহ তার গায়ে ১৫টি ঢিল ছুড়ে মারে তিন যুবক। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে ঐ তিন যুবককে আটক করে। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঐ তিন যুবকের প্রত্যেককে নগদ ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা নগদ জরিমানার টাকা পরিশোধ করে পুলিশ হেফাজতে থেকে ছাড়া পায়।