গোপালপুরে ১৪ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

গোপালপুর পৌর শহরের কোনাবাড়ী বাজারে শনিবার অগ্নিকাণ্ডে সাতটি দোকান ও সাতটি গুদাম পুড়ে ছাই হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে আপন ফেব্রিক্স বস্ত্র বিতান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে এটি আশপাশের দোকান ও গুদামে ছড়িয়ে পড়ে। প্রথমে গোপালপুর ফায়ার সার্ভিস এবং পরে ধনবাড়ী ও মধুপুর উপজেলা ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এসে যোগ দেয়। পরে যৌথভাবে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। স্থানীয় শিল্প ও বণিক সমিতির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক এবং হেমনগর ইউপি চেয়ারম্যান রওশন খান আইয়ুব জানান, প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ প্রায় ৫ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।