নাইজেরিয়ায় ‘হাসিনা: এ ডটার'স টেল’ প্রদর্শিত

নাইজেরিয়ার রাজধানী আবুজা ও চীনা সাংস্কৃতিক কেন্দ্রে চতুর্থ এশিয়া চলচ্চিত্র উৎসবে ‘হাসিনা: এ ডটার'স টেল’ প্রদর্শিত হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) আবুজায় ইরান ও চীন দূতাবাসের যৌথ উদ্যোগে বাংলাদেশ হাইকমিশন এই ডকুড্রামাটি প্রদর্শনীর আয়োজন করে। 

প্রদর্শনীতে কূটনীতিবিদ, চলচ্চিত্র ও মিডিয়া ব্যক্তিত্ব, সাংবাদিক, ব্যবসায়ী ও নাইজেরিয়ায় বসবাসরত বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

5

প্রদর্শনীর শুরুতে নাইজেরিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মাসুদুর রহমান উপস্থিত সবাইকে স্বাগত জানান। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন, সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠা ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা সম্পর্কে আলোকপাত করেন।

তিনি বলেন, বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের বিয়োগান্তক হত্যাকাণ্ডের পটভূমিকায় নির্মিত এই প্রামাণ্য চলচ্চিত্রটি বাংলাদেশসহ প্রবাসেও দর্শকদের মনে দাগ কেটেছে।  

4

প্রদর্শনী অনুষ্ঠানে নাইজেরিয়ার ন্যাশনাল কাউন্সিল ফর আর্টস এন্ড কালচার (এনসিএসি)-এর মহাপরিচালক ওতুমবা ওলেছেগুন রানেসিউ বলেন, নাইজেরিয়া ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক মিল রয়েছে। সাংস্কৃতিক উন্নয়নসহ অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও দ্বি-পাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল করতে দু’দেশের একত্রে কাজ করার বিকল্প নেই। তিনি চলচ্চিত্রটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্যাগ, সংগ্রাম ও নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

3

প্রদর্শনীর শেষে উপস্থিত সবাই ডকুড্রামাটির উচ্ছ্বসিত প্রশংসা করেন। তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টে ঘটে যাওয়া হৃদয়স্পর্শী ঘটনা তাদের হৃদয়কে ভারাক্রান্ত করেছে এবং প্রধানমন্ত্রীর বাস্তব ঘটনাগুলো তাদের মনকে নাড়া দিয়েছে।