চট্টগ্রাম অফিস
আন্তর্জাতিক হূদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী প্রসাদ শেঠী বলেন, একজন রোগীকেও যেনো বাংলাদেশ থেকে ভারতে চিকিত্সার জন্য যেতে না হয়। নিজ দেশের চিকিত্সা ব্যবস্থাকে ওই পর্যায়ে নিয়ে যেতে হবে। তিনি বলেন, এক সময় ভারত থেকে বিপুল সংখ্যক রোগী ইংল্যান্ডে যেতো। বর্তমানে ভারতের রোগী ভারতেই চিকিত্সা নেয়।গতকাল শনিবার চট্টগ্রামে বিশ্বমানের আধুনিক ও বহুমুখী বিশেষায়িত ইম্পেরিয়াল হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি ইম্পেরিয়াল বোর্ড সভাপতি ও বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রবিউল হোসেনের প্রচেষ্টার প্রশংসা করে বলেন, তার ঐকান্তিক প্রচেষ্ঠার ফলে এ ধরনের উন্নত মানের হাসপাতাল প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। উল্লেখ্য, নারায়না হেলথ এবং ইম্পেরিয়াল হাসপাতাল যৌথভাবে এই কার্ডিয়াক সেন্টার পরিচালনা করছে। একই সঙ্গে ডাক্তার, নার্স ও টেকনিশিয়ানদের প্রশিক্ষণ প্রদান করছে।
নগরীর ফয়েজ লেকস্থ চক্ষু হাসপাতাল সংলগ্ন ৭ একর জমির ওপর আধুনিক সুবিধা সম্বলিত ৫টি ভবন নিয়ে ৩৭৫ শয্যা বিশিষ্ট ইম্পেরিয়াল হাসপাতাল নির্মিত হয়েছে।