চাঁদপুর-চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

চাঁদপুর ও চট্টগ্রামে শুক্রবার (২৫ নভেম্বর) সন্ধ্যায়  সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিন জন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- চাঁদপুরের মতলব উত্তরে দক্ষিণ টরকী গ্রামের রুস্তম আলীর ছেলে মোহাম্মদ হোসেন (২২),  একই গ্রামের মহসিন মিয়ার ছেলে  সালাউদ্দিন (২১) এবং চট্টগ্রামের সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের রকেট মল্লিকেল ছেলে ও স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ঋষিকেশ মল্লিক আদিত্য (১০)।

ইত্তেফাক সংবাদদাতাদের পাঠানো তথ্য অনুযায়ী, চাঁদপুরের মতলব উত্তরের ভাটি রসুলপুরে সন্ধ্যা ৬টার দিকে অটোরিকশা (চার্জে চালিত) ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, মোটরসাইকেলটি সাহেব বাজার থেকে টরকী গ্রামের দিকে যাচ্ছিল। মতলব-ঢাকা আঞ্চলিক মহাসড়কে ভাটি রসুলপুর এলাকায় পৌঁছে একটি কুকুরকে বাঁচতে গিয়ে বিপরীতদিক থেকে আসা  অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।

লাশের সুরতহাল তৈরি করা হয়েছে বলে জানান ওসি। 

এদিকে চট্টগ্রামের সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়নে সন্ধ্যা ৬টার দিকে ট্রাকচাপায় ১০ বছরের এক শিশু নিহত হয়েছেন।

উপজেলার বাজালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তাপস কান্তি দত্ত জানান, শিশু আদিত্য সাতকানিয়া-বান্দরবান সড়কের বাজালিয়া ইউনিয়নের বুড়ির দোকানের সামনের সড়ক পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সে নিহত হয়।