ইত্তেফাক রিপোর্ট
ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, যে কৃষক তেভাগা আন্দোলনে আওয়াজ তুলেছিল ‘জান দেবো, তবু ধান দেবো না’ সেই কৃষক আজ খেতের ধান পুড়িয়ে দিচ্ছে দাম না পেয়ে। এর দায় সরকারকে নিতে হবে। পোশাক কারখানার মালিক, ঋণখেলাপি, কালো টাকার মালিকরা প্রণোদনা পায়। অথচ কৃষক তার শস্যের ন্যায্য দাম পায় না, কোনো প্রণোদনা পায় না। শনিবার গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে জাতীয় কৃষক সমিতি ও বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কনভেনশনে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, উদারনৈতিক পুঁজিবাদ অনুসরণ করে রাষ্ট্র কৃষক-খেতমজুরদের শোষণ করছে। কনভেনশনে ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য নুরুল হাসান, কার্যকরী সভাপতি মাহমুদুল হাসান মানিক, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম গোলাপ, সহসভাপতি মনোজ সাহা প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন খেতমজুর ইউনিয়নের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট মুস্তফা লুত্ফুল্লাহ। খেতমজুর ইউনিয়নের সভাপতি বিমল বিশ্বাসের সভাপতিত্বে কনভেনশনে কৃষকদের ১২ দফা ও খেতমজুরদের ১২ দফা দাবি উত্থাপন করা হয়।