সুবিধাভোগীদের স্বার্থেই এই বাজেট —জোনায়েদ সাকি

ইত্তেফাক রিপোর্ট

২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘জবাবদিহিহীন’ বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, প্রস্তাবিত বাজেটে অর্থনীতি পুনর্গঠনে নতুন কোনো উদ্যোগ নেই।  নেই ব্যাংক খাত, কৃষি খাতসহ কোনো খাতের বিপর্যয় ঠেকানোর প্রস্তাব। জনস্বার্থে নয়, সুবিধাভোগীদের স্বার্থেই এই বাজেট প্রস্তাব করেছে সরকার, যা লুটপাটের ধারাকে আরো শক্তিশালী করবে। প্রস্তাবিত বাজেট সম্পর্কে দলীয় প্রতিক্রিয়া জানাতে গতকাল শনিবার রাজধানীর হাতিরপুলে সংগঠনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের নেতা আবুল হাসান রুবেল বলেন, এটা আগের আর দশটা বাজেটের মতোই গতানুগতিক। সম্মেলনে আরো উপস্থিত ছিলেন দলের রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ, তাসলিমা আখতার, সম্পাদকমণ্ডলীর সদস্য মনির উদ্দীন পাপ্পু, বাচ্চু ভুঁইয়া, কেন্দ্রীয় সদস্য দীপক রায়, অপরাজিতা চন্দ প্রমুখ।