ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা কমেছে ২০ শতাংশ

যাত্রী কল্যাণ সমিতির সংবাদ সম্মেলন

বিশেষ প্রতিনিধি

বিগত বছরের তুলনায় এবার ঈদুল ফিতরের যাত্রায় সড়ক দুর্ঘটনা ১৯.৩৯ শতাংশ কমেছে বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এছাড়া নিহতের হার ২৪.১৭ ও আহত ৪৮.৯৯ শতাংশ কমেছে। গতকাল শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা প্রতিবেদন-২০১৯ প্রকাশ করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এতে সড়ক দুর্ঘটনার চিত্র তুলে ধরেন সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।

সম্মেলনে জানানো হয়, এবার মোট ২৩২টি সড়ক দুর্ঘটনার ৭৬টি ঘটেছে মোটরসাইকেলের সঙ্গে অন্যান্য যানবাহনের সংঘর্ষে, যা মোট দুর্ঘটনার ৩৩ শতাংশ। যেখানে মোট নিহত ৩০ শতাংশ এবং মোট আহত ১০ শতাংশ। অন্য বছরের তুলনায় এবারের ঈদুল ফিতরে সড়কে যাত্রা ১০ শতাংশ উন্নতি হয়েছে। যাত্রীদের জনসচেতনতা ও সরকারের তদারকির কারণে এটি সম্ভব হয়েছে। সড়ক, রেল ও নৌপথে সম্মিলিতভাবে ২৫৬টি দুর্ঘটনায় ২৯৮ জন নিহত ও ৮৬০ জন আহত হয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানায় সমিতি।

লিখিত বক্তব্যে মোজাম্মেল হক চৌধুরী বলেন, বিগত ঈদের চেয়ে এবার রাস্তাঘাটের পরিস্থিতি তুলনামূলক ভালো। নৌপথে বেশ কয়েকটি নতুন লঞ্চ যুক্ত হয়েছে। রেলপথেও বেশ কয়েক জোড়া নতুন রেল ও বগি সংযুক্ত হয়েছে। এবারের ঈদের লম্বা ছুটি থাকায় জনসাধারণ আগেভাগে বাড়ি পাঠানোর সুযোগ কাজে লাগানোয় ঈদযাত্রা খানিকটা স্বস্তিদায়ক হয়েছে। রাস্তাঘাটের পরিস্থিতি কিছুটা উন্নতিসহ সার্বিক পরিকল্পনা এবং বিগত ২০১৬ সাল থেকে ঈদযাত্রায় যাত্রী কল্যাণ সমিতির ধারাবাহিক সড়ক দুর্ঘটনার প্রতিবেদনসমূহ গণমাধ্যম ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্ব দেওয়ায় এবারের ঈদে বিগত বছরের তুলনায় সড়ক দুর্ঘটনা ১৯.৩৯ শতাংশ, নিহত ২৪.১৭ শতাংশ ও আহত ৪৮.৯৯ শতাংশ কমেছে। তিনি বলেন, মোটরসাইকেলের সঙ্গে অন্যান্য যানবাহনের সংঘর্ষ ছাড়াও পথচারীকে গাড়ি চাপা দেওয়ার ঘটনা প্রায় ৪৫ শতাংশ ঘটেছে। আগামী ঈদে এ দুটি ঘটনা এড়ানো সম্ভব হলে দুর্ঘটনা প্রায় ৮০ শতাংশ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব বলেন, এবার ২৭ দশমিক ৪৩ শতাংশ বাস, ২৩ দশমিক ৮৯ শতাংশ মোটরসাইকেল, ২৩ দশমিক ৫৯ শতাংশ ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান ও লরি, ৮ দশমিক ২৫ শতাংশ কার ও মাইক্রো, ৭ দশমিক ৬৬ শতাংশ সিএনজিচালিত অটোরিকশা, ৪ দশমিক ৪২ শতাংশ নছিমন-করিমন ও ৪ দশমিক ৭১ শতাংশ রিকশা-ব্যাটারিচালিত ইজিবাইকে সড়ক দুর্ঘটনা ঘটেছে। সম্মেলনে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতিময় বড়ুয়া ও সমিতির যুগ্ম মহাসচিব মনিরুল হক প্রমুখ।