বিশ্বকাপে চতুর্থ জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। গতকাল ওভালে নিজেদের পঞ্চম ম্যাচে শ্রীলঙ্কাকে ৮৭ রানে পরাজিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। এই জয়ে সেমিফাইনালের দৌড়ে আরো একধাপ এগিয়ে গেল অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার এটি দ্বিতীয় হার। তাদের পয়েন্ট ৪, অস্ট্রেলিয়ার সংগ্রহ ৮ পয়েন্ট।
টসে হেরে আগে ব্যাট করতে নেমে অধিনায়ক অ্যারন ফিঞ্চের সেঞ্চুরিতে সাত উইকেটে ৩৩৪ রানের বড় স্কোর গড়ে অস্ট্রেলিয়া। ফিঞ্চ-ওয়ার্নারের ৮০ রানের ওপেনিং জুটি ভাঙেন ধনঞ্জয় ডি সিলভা। ৪৮ বলে ২৬ রানের ইনিংস খেলে ফিরেন ওয়ার্নার। দলীয় ১০০ রানে উসমান খাজাও (১০) এই অফ স্পিনারের শিকার হন। তৃতীয় উইকেটে ফিঞ্চ-স্মিথের ১৭৩ রানের জুটিতে শ্রীলঙ্কার চাপের বাঁধন টপকে যায় অস্ট্রেলিয়া। ৯৭ বলে ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি পূর্ণ করেন ফিঞ্চ। ৪৩তম ওভারে উদানার শিকার হওয়ার আগে ১৩২ বলে ১৫৩ রানের (১৫ চার, ৫ ছয়) ইনিংস খেলেন তিনি। পাঁচ ম্যাচে ৩৪৩ রান নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক এখন ফিঞ্চ। স্মিথের ৭৩, ম্যাক্সওয়েলের ২৫ বলে অপরাজিত ৪৬ রানে ৩০০ পার হয় অস্ট্রেলিয়ার স্কোর। শ্রীলঙ্কার পক্ষে উদানা-ধনঞ্জয়া দুইটি করে, মালিঙ্গা একটি উইকেট পান।
রান তাড়া করতে নেমে অধিনায়ক দিমুথ করুনারত্নে ও কুশল পেরেরার ১১৫ রানের জুটিতে দারুণ শুরু পেয়েছিল লঙ্কানরা; কিন্তু এই ভিত কাজে লাগাতে পারেননি পরের ব্যাটসম্যানরা। কুশল পেরেরা ৫২ রান করে বোল্ড হন স্টার্কের বলে। একপ্রান্ত আগলে খেললেও করুনারত্নে সেঞ্চুরি মিস করেছেন। ৯৭ রান করেন তিনি। এরপর কুশল মেন্ডিস ছাড়া আর কেউ প্রতিরোধ গড়তে পারেননি। মেন্ডিস ৩০ রান করেন। ধনঞ্জয়া ডি সিলভা অপরাজিত ১৬ রান করেন। শেষ দিকে ৪২ রানে ৭ উইকেট হারিয়ে ৪৫.৫ ওভারে ২৪৭ রানে অল-আউট হয়ে যায় শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার স্টার্ক চারটি, রিচার্ডসন তিনটি, কামিন্স দুইটি করে উইকেট পান। সেঞ্চুরিয়ান ফিঞ্চ ম্যাচ সেরা হন।