‘বাদল বাউল বাজায় রে’

আষাঢ় এলেই মেঘের শ্যামল মায়ায় মাটির টান টের পায় বাংলার মানুষ। সময়ের পরিক্রমায় এসেছে বর্ষা। এসেছে প্রকৃতিতে সবুজের সতেজ স্পর্শ ছড়িয়ে দিতে। গতকাল ছিল পহেলা আষাঢ়। সকালে বাংলা একাডেমির নজরুল মঞ্চে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় সত্যেন সেন শিল্পী গোষ্ঠী আয়োজন করে বর্ষা উত্সবের।

তীব্র দাবদাহের পর বৃষ্টির প্রার্থনা করছিলেন দেশের মানুষ। আষাঢ়ের প্রথম প্রভাতে সেই প্রার্থনা বৃষ্টি হয়ে ঝরেছে। অনুষ্ঠান আয়োজনে কিছুটা বিঘ্ন সৃষ্টি করলেও বৃষ্টিভেজার আনন্দও মিশে ছিল। বৃষ্টিতে কাকভেজা হয়েই গানে-নাচে শিল্পীদের সঙ্গে বর্ষার বন্দনাই করলেন নগরবাসী। অনুষ্ঠান দুটিতে গানে কথায় প্রকৃতি রক্ষা আর লোকজ উত্সবকে সারাদেশে ছড়িয়ে দেওয়ার  অঙ্গীকার করেন শিল্পীরা।

উদীচীর বর্ষা উত্সব : বাংলা একাডেমির নজরুল মঞ্চে শিল্পী ইবাদুল হক সৈকতের সেতারে মেঘমল্লার রাগ পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঢাকা মহানগর সংসদ আয়োজিত বর্ষা উত্সব। এরপর একে একে পরিবেশিত হয় দলীয় নৃত্য, দলীয় ও একক সংগীত ও আবৃত্তি। দলীয় সংগীত পরিবেশনায় অংশগ্রহণ করে উদীচী ঢাকা মহানগর সংসদ, বহ্নিশিখা, স্বভূমি, ভাওয়াইয়া সংগীত সংগঠন এবং উদীচীর বিভিন্ন শাখা সংসদ। যন্ত্রসংগীত পরিবেশন করেন উদীচী পরিচালিত শিল্পকলা বিদ্যালয় বিশ্ববীণার বেহালা শিল্পীবৃন্দ। একক সংগীত পরিবেশন করেন শিল্পী সেঁজুতি বড়ুয়া, বিজন চন্দ্র মিস্ত্রি, বিমান চন্দ্র বিশ্বাস, নাহিয়ান দুরদানা সুচী, মায়েশা সুলতানা উর্বী, মুনমুন খান, রবিউল হাসান, মারুফ ইসলাম ও অনিকেত আচার্য। নৃত্য পরিবেশন করে স্পন্দন, স্বপ্নবীণা শিল্পকলা বিদ্যালয় ও উদীচী ঢাকা মহানগর সংসদ। অনুষ্ঠানের মাঝামাঝি পর্যায়ে বর্ষা কথন পাঠ করেন উদীচী ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক ইকবালুল হক খান। এ সময় বর্ষাকে নিবেদন করে শুভেচ্ছা জ্ঞাপন করেন উদীচীর কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম সিদ্দিক রানা, উদীচী ঢাকা মহানগরের সভাপতি নিবাস দে।

অনুষ্ঠানে নগর জুড়ে গাছ লাগানো ও প্রকৃতি রক্ষার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। উপস্থিত ছিলেন বর্ষা উত্সব আয়োজক কমিটির আহ্বায়ক তমিজউদ্দিন ও সদস্যসচিব কংকন নাগ এবং কৃষক হেলাল উদ্দিন। অনুষ্ঠানে অংশগ্রণকারী শিল্পীদের বিভিন্ন গাছের চারা উপহার দেওয়া হয়।