গত ৪৮ ঘণ্টায় সারাদেশে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। শনিবার নরসিংদীতে বাবার চোখের সামনে বাস চাপায় মারা যায় ছেলে। শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং উপজেলায় মালবাহী লরির চাপায় মারা যান এক জাপা (এ) নেতা। রূপগঞ্জে একটি অবৈধ যান খাদে পড়ে গিয়ে এর চালক ও হেলপার নিহত হন।
বাবার চোখের সামনে বাস চাপায় মারা গেল ছেলে
নরসিংদী প্রতিনিধি জানান, ছেলেকে নিয়ে আর বাড়ি ফিরতে পারলেন না বাবা। মুহূর্তের মধ্যে তার চোখের সামনে ছেলেকে চাপা দিয়ে মেরে ফেললো রয়েল পরিবহনের একটি বাস। গতকাল শনিবার সকালে শিবপুর বাসস্ট্যান্ডে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। চোখের সামনে ছেলে বায়েজিদের (১০) রক্তাক্ত লাশ দেখে বাবা মাইনুদ্দিন কান্নায় ভেঙে পড়েন।
জানা গেছে, শিবপুর উপজেলার দত্তেরগাঁও গ্রামের মাইনুদ্দিনের ছেলে বায়েজিদ স্থানীয় একটি কওমি মাদ্রাসায় লেখাপড়া করতো। শনিবার সকালে মাইনুদ্দিন তার ছেলেকে নিয়ে শিবপুর বাজারে কিছু কেনাকাটা করতে আসেন। ছেলেকে নিয়ে মাইনুদ্দিন শিবপুর বাসস্ট্যান্ডে পৌঁছে রাস্তার পাশে দাঁড়ান। হঠাত্ রয়েল পরিবহনের একটি বাস এসে শিশু বায়েজিদকে চাপা দেয়। সাথে সাথেই মারা যায় বায়েজিদ। খবর পেয়ে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রয়েল পরিবহনের বাসটি আটক করে।
কুমিল্লায় জাপা (এ)’র সাবেক নেতা নিহত
কুমিল্লা প্রতিনিধি জানান, সড়ক দুর্ঘটনায় সেখানে মো. জয়নাল আবেদীন (৭৫) নামে জাতীয় পার্টির (এ) এক সাবেক নেতা নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কোরপাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়নাল আবেদীনের বাড়ি কোরপাই গ্রামে। তিনি বুড়িচং উপজেলা জাপার সাবেক সহ-সভাপতি ও জেলা দলিল লেখক সমিতির সহ-সভাপতি ছিলেন। শনিবার দুপুরে নামাজে জানাজা শেষে তাকে উপজেলার কোরপাই গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় রাস্তা পার হওয়ার সময় কুমিল্লাগামী একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এসময় দ্রুতগতির অপর একটি মালবাহী লরি তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলে মারা যান।
রূপগঞ্জে অবৈধযান খাদে পড়ে চালক ও হেলপার নিহত
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়নের পিতলগঞ্জে অবৈধযান ইছারমাথা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে গাড়ির চালক ও হেলপার নিহত হয়েছেন। শনিবার বিকালে উপজেলার ভক্তবাড়ি পিতলগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি খাদে পড়লে চালক নাইম (২০) ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় হেলপার ছাত্তার মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে চিকিত্সার জন্য নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত নাইম পিতলগঞ্জের বাসিন্দা হারুন মিয়ার ছেলে। ছাত্তার মিয়ার বাড়ি পাবনায়।
পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালকসহ নিহত ২
পঞ্চগড় প্রতিনিধি জানান, পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল চালক মানিক হোসেন (২৫) ও আরোহী নয়ন ইসলাম (২২) নিহত হয়েছেন। শুক্রবার রাতে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে ব্যারিস্টার বাজার নামক এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় এক ঘণ্টা পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়ক অবরোধ করে রাখে। নিহত মানিক পঞ্চগড় সদর উপজেলার বাদিয়াগছ গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। নয়ন একই উপজেলার সাহেবিজোত গ্রামের নুর ইসলাম নুরুর ছেলে। ট্রাক চালক পালিয়েছে। ট্রাকটি আটক করেছে পুলিশ।
সীতাকুণ্ডে পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত
সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে ছোট কুমিরা বাইপাস এলাকায় একটি মিনিবাস মহাসড়কের পাশে যাত্রী নামানোর সময় আরেকটি বাস এসে মিনিবাসটিকে পেছন থেকে ধাক্কা দিলে সেটি খাদে পড়ে যায়। এসময়ে বাস চাপা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৪০) মৃত্যু হয়। অপরদিকে সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের পাক্কা রাস্তার মাথা এলাকায় রাস্তা পারাপারের সময় চট্টগ্রামগামী একটি বাসের চাপায় অজ্ঞাতনামা এক বৃদ্ধ (৬২) গুরুতর আহত হন। স্থানীয়রা বৃদ্ধকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
ভেড়ামারায় ট্রাক চাপায় মোটর সাইকেল চালক নিহত
ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা জানান, কুষ্টিয়ার ভেড়ামারার ১২ মাইল মতিয়া ফিলিং স্টেশনের সামনে শনিবার বিকালে ট্রাক চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত নাহারুল ইসলাম (৫২) দৌলতপুর উপজেলার তারাগুনিয়া ফারাকপুর এলাকার সমছের প্রামাণিকের ছেলে।
রাঙ্গুনিয়ায় বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, শুক্রবার রাতে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের বুড়ির দোকান এলাকায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মোহাম্মদ শাহ আলম (৩৫) উপজেলার সরফভাটা ইউনিয়নের ক্ষেত্র বাজার এলাকার বাসিন্দা নুরুল আলমের ছেলে।
মহেশপুরে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা জানান, শনিবার সকালে মহেশপুরে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার বাগানমাঠ গ্রামের কালু মিয়ার ছেলে জুনায়েদ (৬) তার দাদির সঙ্গে আত্মীয়ের বাড়ি বেড়াতে যাওয়ার সময় ঘুগরী কাঁঠালতলা মোড় নামক স্থানে একটি ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। ইজিবাইকটি এলাকাবাসী আটকে রাখে। চালক পলাতক।
গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় লিপ্টন মোল্লা (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ শহরের বেদগ্রাম বাসস্ট্যান্ডের কাছে দুর্ঘটনাটি ঘটে। নিহত লিপ্টন মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার সিরাজুল ইসলাম মোল্লার ছেলে। তাদের বাড়ি ঐ ইউনিয়নের পাথালিয়া গ্রামে।
রাজৈরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত
টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা জানান, মাদারীপুরের রাজৈরে মোটরসাইকেলের ধাক্কায় ছালেহা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে রাজৈর-নয়ানগর সড়কের নয়ানগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছালেহা বেগম উপজেলার নয়ানগর গ্রামের ইসমাইল কাজীর স্ত্রী।
মাধবপুরে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত
মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা জানান, ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুর কলেজ এলাকায় শনিবার সকালে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে এক ট্রাকের হেলপার মিলন প্রামানিক (২৭) মারা যান। গুরুতর আহত অবস্থায় এক ট্রাক চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মো. লিয়াকত আলী জানান, নিহত হেলপার মিলন প্রামানিকের বাড়ি বগুড়া জেলার হরিপুর গ্রামে।
ওসমানীনগরে গাড়ি চাপায় মহিলা নিহত
ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা জানান, সিলেটের ওসমানীনগরে প্রাইভেটকারের চাপায় আমেনা বেগম (৪৫) নামে এক মহিলা নিহত হয়েছেন। শনিবার সকালে সিলেট-ঢাকা মহাসড়কের উপজেলার কুরুয়া ১০ মাইল নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহত আমেনা বেগম উপজেলার দয়ামীর ইউপির নিজ কুরুয়া (জায়গীরদার পাড়া) গ্রামের সাজ্জাদ জায়গীরদারের স্ত্রী।