২১ উপজেলায় ভোট মঙ্গলবার

উপজেলা পরিষদের পঞ্চম ধাপের ভোটের প্রচার-প্রচারণা শেষ হচ্ছে আজ রবিবার। মঙ্গলবার (১৮ জুন) ২১ উপজেলায় ভোট হবে। সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পূর্ণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বিজি প্রেস থেকে গত বৃহস্পতিবার সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ব্যালটসহ নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান জানিয়েছেন, শেষধাপে ছয়টি উপজেলায় ইভিএমে ভোটগ্রহণ করা হবে। এগুলো হলো-গাজীপুর সদর, নারায়ণগঞ্জ বন্দর, বাহ্মণবাড়িয়ার বিজয়নগর, কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ এবং নোয়াখালী সদর উপজেলা। এর আগে চতুর্থ ধাপে ৩১ মার্চ ছয়টি উপজেলায় এবং ২৪ মার্চ তৃতীয় ধাপে চারটি উপজেলায় ইভিএমে ভোটগ্রহণ করে ইসি।

স্থগিতকৃত ৫টি এবং আগের তফসিল অনুযায়ী ১৬টিসহ মোট ২১টি উপজেলা ভোট হবে মঙ্গলবার ১৮ জুন। স্থগিতকৃত ৫ উপজেলার মধ্যে রয়েছে-নেত্রকোণা জেলার পূর্বধলা, সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ, কিশোরগঞ্জ জেলার কটিয়াদি, পিরোজপোর জেলার মঠবাড়িয়া ও ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলা পরিষদের যে পর্যায় থেকে স্থগিত করা হয়েছিল সে পর্য়ায় থেকে ১৮ জুন ভোট হবে।

অন্যদিকে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আরো ১৬ উপজেলায় ভোট হবে সেগুলো হচ্ছে-শেরপুরের নকলা, নাটোরের নলডাঙ্গা, সিরাজগঞ্জের কামারখন্দ, গাইবান্ধার সুন্দরগঞ্জ, পটুয়াখালীর রাংগাবালী, বরগুনার তালতলী, গাজীপুরের গাজীপুর সদর, নারায়ণগঞ্জ বন্দর, মাদারিপুর সদর, রাজবাড়ীর কালুখালী, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়ার বাঞ্ছারামপুর ও বিজয়নগর, কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ এবং নোয়াখালী সদর উপজেলা।

উল্লেখ্য, ইতোমধ্যে চার ধাপে ১০ মার্চ, ১৮ মার্চ, ২৪ মার্চ ও ৩১ মার্চ দেশের প্রায় সাড়ে চারশ উপজেলায় ভোট হয়।