রোহিঙ্গা সংকটের সমাধান, তিস্তার পানি চুক্তি সম্পাদন এবং সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে ভারতের সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। শুক্রবার তাজিকিস্তানের রাজধানী দুশানবে-তে কনফারেন্স অন ইন্টারঅ্যাকশন এন্ড কনফিডেন্স বিল্ডিং মিজারস ইন এশিয়া (সিআইসিএ) এর পঞ্চম শীর্ষ সম্মেলনের বাইরে ভারতের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শংকরের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী মোমেন। জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসব বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
ভারতের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এস জয়শংকরের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর এটিই প্রথম সাক্ষাত্। জয়শংকর বলেন, প্রতিবেশী দেশসমূহের সঙ্গে সদ্ভাব ও সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার পরিণত সংবেদনশীলতা প্রদর্শন করে চলেছে। ভারতের পূর্বমুখী অর্থনৈতিক কূটনীতির প্রবেশদ্বার হিসেবে বাংলাদেশের অনন্য সম্ভাবনা ও ভূ-কৌশলগত সুবিধার কথা উল্লেখ করে জয়শংকর বলেন, বিমসটেককে শক্তিশালী করলে তা উভয় দেশের জন্য মঙ্গলজনক হবে। ভারত আঞ্চলিক সংযোগের ওপর সমধিক গুরুত্ব আরোপ করে থাকে।
ড. মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁদের রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা এবং নেতৃত্বের মাধ্যমে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ঝুলে থাকা স্পর্শকাতর ইস্যুসমূহ সমাধান করে দ্বিপাক্ষিক সম্পর্ককে যে অভূতপূর্ব উচ্চতায় উন্নীত করেছেন, তা বিশ্বের অপরাপর দেশসমূহের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত। তিনি ভারতের সাম্প্রতিক লোকসভা নির্বাচনে বিপুল বিজয়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ হতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের জন্য ড. এস জয়শংকরকে অভিনন্দন জানান।
পররাষ্ট্রমন্ত্রী মোমেন বাংলাদেশে প্রায় ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ভারতীয় বিনিয়োগ আকর্ষণে জয়শংকরের সহযোগিতা কামনা করেন। তিনি ২০২০ সালে অনুষ্ঠিতব্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী এবং বাংলাদেশের ৫০ বছর পূর্তি উদ্যাপনে ভারতকে অংশগ্রহণের আমন্ত্রণ জানান। একইসঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জয়শংকর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন।
এদিকে এই বৈঠক নিয়ে এক টুইট বার্তায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শংকর বলেন, আমাদের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে প্রথম সাক্ষাত্ করে সন্তুষ্টি প্রকাশ করছি। তবে বৈঠকের বিষয়বস্তু নিয়ে কিছু বলেননি তিনি।