আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এমপি বলছেন, বিএনপি-জামায়াতের চক্রান্ত এখনো অব্যাহত আছে। তাই আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। গতকাল শনিবার শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে সিরাজগঞ্জ জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি-জামায়াত জোটের দুঃশাসন আর কোনোদিন দেশে ফিরে আসবে না। কোনোরকম ষড়যন্ত্র করে লাভ নেই। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। তিনি বিএনপির অতীত দুঃশাসন ভুলে গেলে চলবে না। তারা দেশকে অধপতনে নিয়ে গিয়েছিল। সেই দেশকে সকল দিক থেকে সমৃদ্ধ করে তুলেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোহাম্মদ নাসিম বলেন, যুবলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে গড়া সংগঠন। সেই যুবলীগের মতো বড় সংগঠনের নেতা হতে হলে বিএনপি-জামায়াত জোটের দুঃশাসন প্রতিরোধের ক্ষমতা থাকতে হবে। অতীত ভুলে গেলে চলবে না। ছবি টাঙিয়ে, শ্লোগান দিয়ে যুবলীগের নেতা হওয়া যাবে না।
জেলা যুবলীগের সভাপতি মঈন উদ্দিন খান চিনুর সভাপতিত্বে আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবে মিল্লাত মুন্না এমপি, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি মাইনুল হোসেন খান নিখিল প্রমুখ বক্তব্য রাখেন। সম্মেলনে শোক প্রস্তাব ও সাংগঠনিক রিপোর্ট উত্থাপন করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম। ওমর ফারুক চৌধুরী বলেন, যুবলীগ করতে হলে, নেতা হওয়ার আগে ভালো সংগঠক হতে হবে ও কৌশলী হতে হবে।