ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেছে দেশের প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা। মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল থেকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে হাজির হয়ে সারাদেশের শিক্ষকরা অবস্থান নিয়েছেন।
বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ-এর ব্যানারে এই কর্মসূচিতে ছিলেন দেড় হাজার বিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষক ও কর্মচারী।
এতে সংগঠনটির সভাপতি ইলিয়াস রাজ বলেন, ‘প্রতিবন্ধী বিদ্যালয়ের জাতীয় করণ করতে যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্ত মতে ২০২০ সালের জানুয়ারিতে চাহিদা অনুযায়ী তথ্যসহ অনলাইনে আবেদন করা হয়। কিন্তু এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি।
সরকারের কাছে মানবিক আবেদন জানাতেই ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই অবস্থান কর্মসূচী বলে জানান তিনি।
ছয় দফা দাবি গুলো হলো, দ্রুততার সঙ্গে প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিও নিশ্চিত করা, বিদ্যালয় কর্তৃপক্ষের নিয়োগের তারিখ হতে চাকরি নিয়মিত করা এবং বেতন ভাতা নিশ্চিত করা, শতভাগ আধুনিক মানসম্পন্ন প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো নির্মাণ সুনিশ্চিত করা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিশেষ শিক্ষা কারিকুলাম বাস্তবায়ন, একটি আধুনিক থেরাপি সেন্টার নিশ্চিত করা ও সব শিক্ষার্থীদের মিড ডে মিলসহ শিক্ষা উপকরণ দেয়ার ব্যবস্থা করা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি ও কমপক্ষে পাঁচ হাজার টাকা প্রতিবন্ধী ভাতা দেয়ার উদ্যোগ বাস্থবায়ন, শিক্ষা জীবন শেষে প্রত্যেকের আত্মনির্ভরশীল জীবন যাপনের ব্যবস্থা নিশ্চিত করা।
প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ এর সাধারণ সম্পাদক এ.এইচ.এম সালেহ বেলাল বলেন, ‘দেশের বেসরকারিভাবে প্রতিষ্ঠিত ১৫০০ বিদ্যালয়ে পাঁচ লাখের বেশি প্রতিবন্ধী শিক্ষার্থী রয়েছে। যাদের শিক্ষাদান করতে গিয়ে মানবেতর জীবন যাপন করছেন বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা’। এই অবস্থান কর্মসূচি টানা তিনদিন চলবে।