বৃষ্টি দিয়েই শুরু হলো বর্ষাকাল। গত কয়েক দিন গুমোট আবহাওয়ায় যখন অতিষ্ঠ জনজীবন, তখন বর্ষার প্রথম দিন গতকাল শনিবার সকালের বৃষ্টি স্বস্তি এনে দিয়েছে নগরজীবনে। বেশিক্ষণ না হলেও এতে গরম কমে যায়। ভোর ৬টা থেকে রাজধানীর আকাশে সজল সঘন মেঘের ঘনঘটা শুরু হয়। ধীরে ধীরে পুরো রাজধানী জুড়ে বৃষ্টি শুরু হয়। তবে এই বৃষ্টি কিছু সময়ের মধ্যে থেমে গেলেও দিনভর আকাশ ছিল মেঘে ঢাকা। তবে কিছু জায়গায় থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে গেল কয়েক দিনের প্রচণ্ড তাপমাত্রা কমে যাবে। বিচ্ছিন্নভাবে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি হবে। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট অতিক্রম করে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল পর্যন্ত অগ্রসর হয়েছে। মৌসুমি বায়ুর কারণে আগামী পাঁচ দিন বৃষ্টির প্রবণতা আরো বৃদ্ধি পাবে। তাপমাত্রাও কিছুটা কমবে। এ ছাড়া বর্ষা মৌসুমে কয়েক দিন পরপর টানা বৃষ্টি থাকবে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় আর রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ সহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। অপরদিকে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং কিছু কিছু এলাকা থেকে তা প্রশমিত হতে পারে।