বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এই সরকার জনগণের কাছে দায়বদ্ধ নয়। একদিকে বাজেট দিচ্ছে, পলিসি নির্ধারণ করছে; অন্যদিকে লুট করছে। সব আজ একীভূত। তাদের দ্বারা সম্পদের সুষম বণ্টন হতে পারে না। প্রস্তাবিত বাজেট দেশের মানুষের প্রত্যাশা পূরণ করবে না। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে জাতীয়তাবাদী তাঁতী দল আয়োজিত ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।
আমীর খসরু বলেন, মানুষ ভোটাধিকার, নিরাপত্তা ও ন্যায়বিচার ফিরে পাবে কিনা তা নির্ভর করছে খালেদা জিয়ার মুক্তির ওপর। তাঁত শিল্পের বিকাশ ঘটাতে ও বাজার ধরে রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাঁত শিল্পকে বাঁচানোর বিকল্প নেই।
তাঁতী দলের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ওলামা দলের আহ্বায়ক শাহ মোহাম্মদ নেছারুল হক, বিএনপির তাঁতি বিষয়ক সম্পাদক ও সাবেক সভাপতি হুমায়ুন ইসলাম খান, যুগ্ম আহ্বায়ক বাহাউদ্দিন বাহার প্রমুখ।