স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে গ্রেফতারে পুলিশের কোনো গাফিলতি নেই বলে জানিয়েছেন। মোয়াজ্জেম আত্মগোপনে থাকায় তাকে ধরতে দেরি হচ্ছে। তবে তিনি লুকিয়ে থাকতে পারবেন না। গতকাল শনিবার দুপুরে জাতীয় জাদুঘরে ‘তারুণ্য কথা’ নামের একটি সংগঠনের চিত্রকর্ম অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
পরোয়ানাভুক্ত আসামি মোয়াজ্জেমের গ্রেফতারে পুলিশের কোনো গাফিলতি আছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এতে পুলিশের কোনো গাফিলতি নেই। তিনি বলেন, ওসি মোয়াজ্জেম দেশেই আছেন। তার পালানোর সুযোগ নেই। সীমান্ত সিলগালা করা হয়েছে। বিমানবন্দর ইমিগ্রেশনগুলোতেও রেড অ্যালার্ট দেওয়া আছে। সারাদেশের সব থানায় মোয়াজ্জেমের ছবি পাঠানো হয়েছে। পুলিশ তাকে যেকোনো সময় গ্রেফতার করবে। তিনি আত্মগোপনে চলে যাওয়ায় গ্রেফতার করতে দেরি হচ্ছে। পুলিশকে লক্ষ্য করে মালিবাগ ও গুলিস্তানে হামলার ঘটনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঐ ঘটনার তদন্ত চলছে। শিগগিরই এ ব্যাপারে সবাইকে জানানো হবে।
উল্লেখ্য, মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফির জবানবন্দির ভিডিও ধারণ ও তা অনলাইনে ছেড়ে দেওয়ার ঘটনায় সাইবার অপরাধ আইনে মামলায় ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে গত ২৭ মে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। এর ১৫ দিনেও মোয়াজ্জেম হোসেন গ্রেফতার হননি।