উত্তরখানে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ১

রাজধানীর উত্তরখানে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সাকিব (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন সাকিবের বন্ধু শিপন (২১)। গতকাল সন্ধ্যায় উত্তরখান বাটুলিয়া নদী পাড়ে এ ঘটনা ঘটে। আহত শিপনকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। তার অবস্থা আশঙ্কাজনক।

শিপনের বাবা সুলতান মিয়া জানান, সাকিব ও শিপন উত্তরার একটি কাপড়ের দোকানে কাজ করতো। গতকাল ছুটির দিন থাকায় তারা দুইজন বিকালে বাসা থেকে বেরিয়ে বাটুলিয়া নদীর পাড় এলাকায় ঘুরতে যায়। পরে সন্ধ্যায় ফেরার পথে ৩/৪ ছিনতাইকারী তাদের গতিরোধ করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ছিনতাইকারীদের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ছিনতাইকারীরা দুইজনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। তাদের চিত্কারে লোকজন ছুটে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর কর্তব্যরত চিকিত্সক সাকিবকে মৃত বলে ঘোষণা করেন। তিনি বলেন, সাকিবের বাবার নাম মোহাম্মদ রফিক। তাদের বাসা উত্তরখান বাটুলিয়া এলাকায়।