রাজধানীতে যুবদলের বিক্ষোভ মিছিল

মুক্তিযুদ্ধের সত্য ইতিহাস মুছে ফেলা হচ্ছে :রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশ থেকে মহান মুক্তিযুদ্ধের সত্য ইতিহাস মুছে ফেলা হচ্ছে, আর এজন্য বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে বর্তমান শাসকগোষ্ঠীর দোসররা ধৃষ্টতাপূর্ণ বক্তব্য রাখছেন, বানোয়াট মন্তব্য করছেন। গতকাল শনিবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি এবং জিয়াউর রহমান সম্পর্কে বিচারপতি মানিকের কটূক্তির প্রতিবাদে যুবদল আয়োজিত বিক্ষোভ মিছিলে রিজভী এসব কথা বলেন। নয়া পল্টনস্থ বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারো কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিল শেষে জমায়েতে রিজভী বলেন, অবান্তর, অসত্য ও বিকৃত বক্তব্য প্রদানের জন্য মানিকের মতো লোকদের মাঠে নামিয়েছে সরকার। এদেরকে একদিন উচিত্ শিক্ষা দিবে জনগণ। সত্যকে কোনোদিনই মুছে ফেলা যাবে না। তিনি বলেন, বেগম জিয়াকে মুক্তি না দিয়ে বর্তমান সরকার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। রিজভী আরো বলেন, গুম-খুন-ক্রসফায়ার-অপহরণ-ভয় ও শঙ্কার এই দুঃসময় অতিক্রম করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। খালেদা জিয়ার মুক্তির জন্য রাজপথেই আমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে।

বিক্ষোভ মিছিলে যুবদল সভাপতি সাইফুল আলম নীরব, সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, মহানগর উত্তর যুবদল সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, দক্ষিণের সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীন প্রমুখ বক্তব্য রাখেন।