দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে

আজ সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার (২ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া রাজারহাটে ১৩ দশমিক ২, বদলগাছীতে ১৩ দশমিক ৩, চুয়াডাঙ্গায় ১৩ দশমিক ৭, দিনাজপুরে ১৪ দশমিক ০, ঈশ^রদীতে ১৪ দশমিক ২, যশোরে ১৪ দশমিক ৪, ডিমলায় ১৪ দশমিক ৫ ও সৈয়দপুরে ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এসব এলাকায় শীতের তীব্রতা ধীরে ধীরে বাড়ছে। ভোর রাতে কুয়াশাও পড়ছে। 

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৯, রাজশাহীতে ১৫ দশমিক ৪, রংপুরে ১৬ দশমিক ২, ময়মনসিংহে ১৬ দশমিক ৩, সিলেটে ২০ দশমিক ০, চট্টগ্রামে ২১ দশমিক ২, খুলনায় ১৬ দশমিক ৮ এবং বরিশালে ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। 

এছাড়া আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা কক্সবাজারে ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বাড়তি অংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। 

উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ বিহার এবং এর আশপাশের এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছ।

ঢাকায় আজ উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৩ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ২৬ মিনিটে। সূত্র: বাসস