সেলেসাওদের বিপক্ষে জয়ের জন্য মরিয়া ক্যামেরুন

কাতার বিশ্বকাপে গ্রুপ-জি থেকে ইতিমধ্যে রাউন্ড-১৬ নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল। এখন লড়াই বাকি অন্য তিন দলের। সার্বিয়া, সুইজারল্যান্ড এবং ক্যামেরুন তিন দলেরই দরকার জয়। এদিকে প্রথম দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট পাওয়া আফ্রিকান অদম্য সিংহদের সামনে জয় ভিন্ন বিকল্প পথ খোলা নেই। গ্রুপের আরেক ম্যাচে সার্বিয়া যদি সুইজারল্যান্ডকে এক গোলের ব্যবধানে পরাজিত করতে পারে তাহলে গোল ব্যবধানে ব্রাজিলের পরে দ্বিতীয় দল নির্ধারিত হবে।

শুক্রবার (২ ডিসেম্বর) লুসাইল আইকনিক স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিলের মুখোমখি হবে ক্যামেরুন। ইতিমধ্যেই প্রথম দুই ম্যাচে জয়ী টুর্নামেন্ট ফেবারিট ব্রাজিল নকআউট পর্ব নিশ্চিত করায় ম্যাচটি তাদের জন্য ততটা গুরুত্বপূর্ণ না হলেও ক্যামেরুন শেষ ষোল নিশ্চিতে শেষ চেষ্টা করবে।

সুইজারল্যান্ডের সঙ্গে ১-০ গোলে হার দিয়ে এবারের বিশ্বকাপ যাত্রা শুরু করেছিল ক্যামেরুন। ব্রিল এম্বোলের তার জন্মভূমির বিরুদ্ধে গোল করে সুইসদের জয় নিশ্চিত করেছিলেন। এর মাধ্যমে আফ্রিকান দলটি বিশ্বকাপে টানা আট ম্যাচে পরাজয় বরণ করতে বাধ্য হয়। অথচ সুইসদের বিপক্ষে সমান তালে লড়াই করেছিল ক্যামেরুন। সার্বিয়ার সঙ্গেও একইভাবে লড়াই করে ৩-১ গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-৩ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে রবার্ট সংয়ের দল। এই ড্রয়ে কালকের ম্যাচের আগে পরের রাউন্ডে যাওয়ার ক্ষীণ একটি সম্ভাবনা জাগিয়ে রেখেছে ক্যামেরুন। টুর্নামেন্টের অন্যতম ফেবারিট ব্রাজিলের বিরুদ্ধে কিছু একটা করে দেখানোর মতো যোগ্যতা যে তাদের আছে, তা আগের দুই ম্যাচেই প্রমাণিত হয়েছে।

সং নিজের দলের পারফরমেন্সে সন্তুষ্টি প্রকাশ করে জানিয়েছে ব্রাজিলের সঙ্গেও এই ধারা বজায় থাকবে। আগের দুই ম্যাচে যেভাবে পুরো দলের আত্মবিশ্বাস প্রমাণ পেয়েছে তাতে যে কোনো প্রতিপক্ষই এখন ক্যামেরুনের সঙ্গে খেলতে নামার আগে বাড়তি সতর্কতা অবলম্বন করবে।

এদিকে প্রত্যাশানুযায়ী প্রথম দুই ম্যাচে জয়ী হয়ে ইতিমধ্যেই শেষ ষোলতে পৌঁছে গেছে ব্রাজিল। এবারের টুর্নামেন্টে সেলেসাওরা এখনো কোনো গোল হজম করেনি। সার্বিয়ার সঙ্গে ২-০ গোলের জয়ের প্রথম ম্যাচটিতে টটেনহ্যাম হটস্পারের স্ট্রাইকার রিচারলিসন জোড়া গোল করেছেন। এরপর সুইজারল্যান্ডের সঙ্গে পরের ম্যাচে ক্যাসেমিরোর একমাত্র গোলে জয় নিশ্চিত হয়।

এর আগে ক্যামেরুনের সঙ্গে শেষ মুখোমুখি হয়েছিল ২০১৪ বিশ্বকাপের গ্রুপ পর্বে। ঘরের মাঠের ঐ ম্যাচে নেইমারের জোড়া গোলে ব্রাজিল ৪-১ ব্যবধানে জয়ী হয়েছিল। দলের হয়ে বাকি গোল দুটি করেছিলেন ফ্রেড ও ফার্নান্দিনহো। এবার ইনজুরির কারণে দলে নেই নেইমার।

মুখোমুখি

ব্রাজিল                 বনাম               ক্যামেরুন

১                        র‍্যাংকিং          ৪৩

৬                       ম্যাচ                ৬

৫                       জয়                 ১

১                        পরাজয়            ৫

সম্ভাব্য দল

ব্রাজিল (ফরমেশন ৪-৩-৩)

অ্যালিসন, মিলিতাও, মার্কুইনহোস, সিলভা, তেলেস, ক্যাসেমিরো, গুইমারেস, পাকেতা, অ্যান্তোনি, জেসুস, ভিনিসিউস।

ক্যামেরুন (ফরমেশন ৪-৩-৩)

এপাসি, ফাই, ক্যাস্তেলেত্তো, এনকোলো, তোলো, হোংলা, আনগুইসা, কুন্দে, আবুবাকার, চোপু-মোতিং, তোকো একামবি।