অনুষদ ও বিভাগ কমিটি ঘিরে উজ্জীবিত জবি ছাত্রলীগ

দীর্ঘ সাত বছর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের অনুষদ ও বিভাগভিত্তিক পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে সম্পন্ন হয়েছে পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত সংগ্রহের কাজ। এছাড়া সর্বশেষ তথ্য অনুযায়ী, ঘোষিত হয়েছে ১৬টি বিভাগের কমিটি। আর অন্যান্য বিভাগের কমিটি প্রদানের কাজও শীঘ্রই সমাপ্ত হবে বলে জানা গেছে।

কমিটি গঠন নিয়ে শাখা ছাত্রলীগ কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে। ক্যাম্পাসে দিনভর ছাত্রলীগের কক্ষের সামনে ভিড় করছেন পদপ্রত্যাশী নেতা-কর্মীরা। নেতা-কর্মীদের চাওয়া, দৌঁড়ঝাপ নয়, সংগঠনের সব ধরণের পরিস্থিতিতে যারা শক্ত হাতে হাল ধরে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাখেন, তারাই নেতৃত্বে আসুক।

jobi-1

সূত্রে জানা যায়, অনুষদ ও বিভাগভিত্তিক কমিটির নেতৃত্বের ক্ষেত্রে পদপ্রার্থীদের পারিবারিক রাজনৈতিক চেতনা, তার মেধা ও বিনয় এছাড়া তাদের বিভাগ থেকেও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করার মাধ্যমে নেতা-কর্মী নির্বাচন করা হচ্ছে। ২০১৪ সালে সর্বশেষ অনুষদ ও বিভাগভিত্তিক কমিটি গঠন করা হয়। দীর্ঘ ৮ বছর পর গত ২৪ নভেম্বর (বৃহস্পতিবার) শাখা ছাত্রলীগের পক্ষ থেকে অনুষদ ও বিভাগভিত্তিক কমিটির জন্য পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত আহবান করা হয়। ২৫ নভেম্বর থেকে শুরু হয়ে ৩০ নভেম্বরের মধ্যে জীবন বৃত্তান্ত জমা নেওয়ার কার্যক্রমও সম্পন্ন হয়। 

এছাড়া কমিটিতে পদ পেতে কর্মীদের দুই কপি জীবন বৃত্তান্ত, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, সর্বশেষ অ্যাকাডেমিক সনদের ফটোকপি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক বা হল পরিচয় পত্রের ফটোকপি, সামাজিক, সাংস্কৃতিক বা অন্য কোনো সহশিক্ষা কার্যক্রমে ব্যক্তিগত অর্জন বা সম্পৃক্ততার সমন বা স্বীকৃতি কপি, পরিবারের কেউ রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলে তার প্রত্যয়নপত্র জমা দিতে বলা হয়।

jobi-2

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম আকতার হোসাইন বলেন, ছাত্রলীগের সুপার ইউনিটখ্যাত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের বিনয় ও মেধার সঙ্গে এ সংগঠনকে এগিয়ে নিতে সদাপ্রস্তুত। যেকোনো বিভাগ বা অনুষদে যেন স্বাধীনতাবিরোধী চক্র মাথা তুলে দাঁড়াতে না পারে সেজন্য আমরা অল্প সময়ের মধ্যেই এ কাজ সম্পন্ন করতে চাই।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজি বলেন, যেহেতু আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি অনাবাসিক বিশ্ববিদ্যালয় এবং আমাদের হলভিত্তিক কমিটি দেওয়ার সুযোগ নেই তাই নেতা-কর্মীরা যেন সবসময় ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকে সে জন্য আমাদের পূর্বের কমিটিগুলোর ধারাবাহিকতায় আমরা বিভাগ ও অনুষদ কমিটি গঠনের কার্যক্রম হাতে নিয়েছি। নেতা-কর্মীরা যেন আসন্ন নির্বাচনকে ঘিরে এ উদ্দীপনা, সক্রিয়তা বজায় রাখে এদিকে আমরা তাদের উৎসাহ প্রদান করছি।